অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নের আদমপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— মুর্শিদ মিয়া (৩৫), খোকন মিয়া (৪০), আব্দুর রহিম (৪৫), আবুল (৬০), মাইনুদ্দিন (৪২), রহিম (৪৫), জিয়া উদ্দিন (৬০), মাসুক মিয়া (৪০) ও সরাজ মিয়া (৫৫)। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।
ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ বলেন, তিনি প্রথমে মাছ কেনার জন্য বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষের বাছির মিয়া এসে তার চেয়ে বেশি দাম বলেন। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগের বিষয়ে জানতে বাছির মিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।















-962f2e-256x144.webp)


-93b7bc-256x144.webp)