প্রথম পত্র পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন, ২০ মিনিট পর দেওয়া প্রশ্নপত্রও গত বছরের!

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সিটি কলেজ। ছবি: সংগৃহীত
সাতক্ষীরা সিটি কলেজ। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা। ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। ভুল বুঝতে পেরে মিনিট বিশেক পর প্রশ্নপত্র বদলে দেওয়া হয়। পরীক্ষার্থীরা বিস্মিত হয়ে দেখল, সে প্রশ্নপত্র গত বছরের! দ্বিতীয়বারের মতো প্রশ্নপত্র বদলে দিলে শেষ পর্যন্ত পরীক্ষার্থীরা ভূগোল প্রথম পত্রের মূল প্রশ্নপত্র পায়। ততক্ষণে পরীক্ষার চলে গেছে প্রায় আধা ঘণ্টা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ঘটেছে এমন ঘটনা। ভুল প্রশ্নপত্র বিতরণের এ ঘটনায় কেন্দ্রসচিব সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

পরীক্ষার্থীরা জানায়, এ দিন সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের বহুনির্বচনি প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার ২০ থেকে ২৫ মিনিট পরে বিষয়টি ধরা পড়লে সে প্রশ্নপত্র ফিরিয়ে নেওয়া হয়, দেওয়া হয় নতুন প্রশ্নপত্র।

পরীক্ষার্থীরা আরও জানায়, প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন করে যে প্রশ্নপত্র দেওয়া হয়, সেটিও ২০২৫ সালের। ফলে সেটিও ফিরিয়ে নেওয়া হয়। দ্বিতীয়বার বদলে দেওয়া হয় ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। দুবার প্রশ্নপত্র বদলে সময় নষ্ট হওয়ায় পরে অবশ্য তাদের বাড়তি সময় দেওয়া হয়েছে বলেও জানায় পরীক্ষার্থীরা।

এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস বলেন, প্রশ্নপত্র গ্রহণে বাছাই করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভুলের কারণে এ পরিস্থিতি তৈরি হয়। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে কেন্দ্রসচিব মো. মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

জানতে চাইলে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টি জানার পর কেন্দ্রসচিবকে প্রত্যাহার করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের বিষয়ে আগামীকাল (শুক্রবার) সিদ্ধান্ত জানানো হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement