বাংলাদেশি কৃষককে ধরে নেয় বিএসএফ, স্থানীয়দের হাতে আটক ২ ভারতীয়

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৬: ৫৪
মঙ্গলবার বাংলাদেশি এক কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর গ্রামবাসী দুই ভারতীয়কে ধরে আনেন। ছবি: সংগৃহীত
মঙ্গলবার বাংলাদেশি এক কৃষককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর গ্রামবাসী দুই ভারতীয়কে ধরে আনেন। ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় কৃষককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক আবদুল মান্নান (৭০) ইছাখালী মসজিদপাড়া এলাকার বাসিন্দা প্রয়াত নূর বক্সের ছেলে। আর স্থানীয় বাসিন্দাদের হাতে আটক দুই ভারতীয় কৃষকের নাম সচিন কর্মকার ও নারায়ণ দেব।

এ ঘটনায় এ দিন বেলা ২টার দিকে পতাকা বৈঠক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তারা। বৈঠক থেকে আটক তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পতাকা বৈঠকে আবদুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। এলাকাবাসীর আটক করা দুই ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্তের দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ অন্যান্য ফসলের চাষ করে আসছেন। আজ সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনা ইছাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভারতীয় দুই কৃষককে আটক করে নিয়ে আসেন।

আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে দুজন ভারতীয় কৃষককে তুলে এনেছে। তাদের একজনের নাম সচিন কর্মকার, অন্যজন নারায়ণ দেব।’

এর আগে গতকাল সোমবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় ভারতে ঢোকার পর তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল মধ্যরাতে কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যদের সামনে পড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও আজিবর বিএসএফের হাতে আটক হন।

এ বিষয়ে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে ঢুকলে বিএসএফ তাকে আটক করে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement