ঝিনাইদহে এজেন্টের সই করা রেজাল্ট শিট জব্দ, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এজেন্টদের সই করা রেজাল্ট শিট। ছবি: সংগৃহীত
ঝিনাইদহে এজেন্টদের সই করা রেজাল্ট শিট। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর এজেন্টের সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সই করা রেজাল্ট শিটগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়। পরে বিজিবি ও সেনাবাহিনীসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটকেন্দ্রটি পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট বুধবার রাতে ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে গেলে প্রিজাইডিং কর্মকর্তা তাকে দিয়ে ২৩টি রেজাল্ট শিট সই করিয়ে নেন। পরে দাঁড়িপাল্লার প্রতীকের এক এজেন্ট গিয়ে সাতটি রেজাল্ট শিটে সই করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, নিয়ম অনুযায়ী, ভোট গণনা শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিজাইডিং কর্মকর্তা আগে থেকেই সেটি করিয়ে নিয়েছেন। এটি ঠিক হয়নি। আমরা রেজাল্ট শিট জব্দ করে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা জেসমিন আরা অবশ্য দুই দলের এজেন্টদের দিয়ে রেজাল্ট শিটে সই করিয়ে নেওয়ার ঘটনায় নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। অনেক সময় ভোট গণনা শেষে এজেন্টদের পাওয়া যায় না বলে আগেই সই করিয়ে নিয়েছিলেন বলে জানান তিনি।

কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, প্রিজাইডিং কর্মকর্তা বুঝতে না পেরে ফাঁকা রেজাল্ট শিটে আগেই প্রার্থীদের এজেন্টদের সই নিয়েছিলেন। তাকে সরিয়ে দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement