এনসিপি নেতাকে নারীর জুতাপেটা, দল থেকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
(বাঁয়ে) এনসিপি নেতা আলী আজম সাব্বির ও (ডানে) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট। ছবি: সংগৃহীত
(বাঁয়ে) এনসিপি নেতা আলী আজম সাব্বির ও (ডানে) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। এ ঘটনার জের ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়ে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনসিপি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য আলী আজম সাব্বিরকে নিয়ে ঘটেছে এসব ঘটনা। শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের সই করা এক চিঠিতে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে সাব্বিরকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী তাকে জুতাপেটা করছেন। খোঁজ নিয়ে জানা যায়, সাব্বির বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানকার কয়েকজন নারী প্রশিক্ষণার্থীকে তিনি মোবাইলে বিরক্ত করতেন, কুরুচিপূর্ণ মেসেজ দিতেন। একপর্যায়ে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রেখে জুতাপেটা করেন।

এ বিষয়ে জানতে চাইলে টিটিসির ড্রাইভিংবিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। এ কারণে তাকে এক নারী প্রশিক্ষণার্থী জুতাপেটা করেছেন। পরে সাব্বির দোষ স্বীকার করে লিখিত মুচলেকা দিয়েছেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement