অক্টোবরে তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি, আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

চলতি অক্টোবরে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস বলছে, এ মাসের দ্বিতীয়ার্ধে তাপমাত্রা কমতে শুরু করবে। তবে মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এদিকে এ মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, যার একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কাও আছে।
আবহাওয়া অধিদপ্তরের অক্টোবর ২০২৬-এর মাসিক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত জিপিসি, ইসিএমডব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই-কলম্বিয়া ইউনিভার্সিটি, এপেক ক্লাইমেট সেন্টার (এপিসিসি), রাইমস ও সি৩এস থেকে পাওয়া মডেল বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরে সব বিভাগেই বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম বা সর্বোচ্চ সীমায় স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টিপাতের দিনের সংখ্যাও স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে।
কোন বিভাগে কত বৃষ্টিপাতের আভাস
পূর্বাভাসে দেখা যায়, স্বাভাবিক বৃষ্টিপাতের দিক থেকে এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয় বরিশাল (২২৭ মিলিমিটার) ও চট্টগ্রাম (২১৬ মিলিমিটার) বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় খুলনা (১৫০ মিলিমিটার) ও রাজশাহী (১৩৪ মিলিমিটার) বিভাগে।
পূর্বাভাস বলছে, এর বিপরীতে বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে ২১০ মিলিমিটার থেকে ২২০ মিলিমিটার পর্যন্ত। এ বিভাগে অক্টোবরে স্বাভাবিক বৃষ্টিপাতের দিন ১৭ হলেও এ মাসে বৃষ্টি হতে পারে ১৪ থেকে ১৭ দিন। রাজশাহীর ক্ষেত্রেও অক্টোবরের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ১৩৪ মিলিমিটার হলেও এ মাসে বৃষ্টি হতে পারে ১১০ থেকে ১৩০ মিলিমিটার। বাকি বিভাগগুলোর বৃষ্টিপাতের পূর্বাভাস দেখুন এখানে—
| বিভাগ | স্বাভাবিক বৃষ্টিপাত (মিমি) | পূর্বাভাসে বৃষ্টিপাত (মিমি) | স্বাভাবিক বৃষ্টিপাতের দিন | পূর্বাভাসে বৃষ্টিপাতের দিন |
|---|---|---|---|---|
| ঢাকা | ১৬০ | ১৩০-১৬০ | ১৫ | ১৩-১৫ |
| ময়মনসিংহ | ১৮০ | ১৫০-১৮০ | ১৬ | ১৩-১৬ |
| চট্টগ্রাম | ২১৬ | ১৯০-২১০ | ১৪ | ১২-১৪ |
| সিলেট | ১৮২ | ১৫০-১৮০ | ১৮ | ১৫-১৮ |
| রাজশাহী | ১৩৪ | ১১০-১৩০ | ১৫ | ১৩-১৫ |
| রংপুর | ১৫৫ | ১২০-১৫০ | ১৬ | ১৩-১৬ |
| খুলনা | ১৫০ | ১১০-১৫০ | ১৬ | ১৩-১৬ |
| বরিশাল | ২২৭ | ২১০-২২০ | ১৭ | ১৪-১৭ |
নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অক্টোবর বর্ষা-পরবর্তী মৌসুমের শুরু, তাই এ সময় উপকূলীয় এলাকার জেলে, নৌযান ও উপকূলবাসীর বাড়তি সতর্কতা জরুরি।
অধিদপ্তর বলছে, মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এ মাসে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।
তাপমাত্রা
অক্টোবরের মাঝামাঝি শুরু হবে বঙ্গাব্দের আশ্বিন মাস। অধিদপ্তর বলছে, ওই সময় থেকেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে অক্টোবর মাসের দিন ও রাতের যে স্বাভাবিক গড় তাপমাত্রা, চলতি মাসে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা ও কৃষি
অক্টোবরে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে পানি সমতল সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।
কৃষি আবহাওয়ার ক্ষেত্রে অধিদপ্তর জানায়, এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২.০ থেকে ৪.০ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ থেকে ৬ ঘণ্টা থাকতে পারে।















