নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের ‘গোপন বৈঠক’ ও প্রশিক্ষণ, সেনা হেফাজতে মেজর সাদিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজধানীর বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ হয়েছে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ওই বৈঠকে সংশ্লিষ্টতা এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এ অভিযোগে মেজর সাদিক নামের ওই কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত ৮ জুলাই বসুন্ধরাসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ-ছাত্রলীগের ওই ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলিয়ে তিন থেকে চার শজন অংশ নেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন।

ওই বৈঠক ও এতে মেজর সাদিকের সংশ্লিষ্টতা প্রসঙ্গে বৃহস্পতিবারের ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীমা নাসরিন বলেছেন, মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার ওই কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলা ভাড়া নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, মেজর সাদিক সেদিন সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। একটি সূত্র জানিয়েছে, সোহেল রানা ও শামীমা নাসরিনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাইয়ের পর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ওই কনভেনশন সেন্টারের ব্যবস্থাপক পরিকল্পিতভাবে সারা দিন সেখানকার সব সিসি ক্যামেরা বন্ধ রেখেছিলেন। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বাকিদের নাশকতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ঢাকায় আরও এমন অন্তত চারটি প্রশিক্ষণ হয়েছে।

এ ঘটনার মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেখানকার একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘প্রিয় স্বদেশ’, ‘এফ ৭১ গেরিলা’, ‘বঙ্গবন্ধু প্রজন্ম’, ‘প্রজন্ম ৭১’, ‘শেখ হাসিনা’সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। তারা সবাই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছেন।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা। একই দিন একই এলাকা থেকে শামীমা নাসরিনকেও গ্রেপ্তার করা হয়। তাদের দুজনকে গ্রেপ্তারের পর ১৩ জুলাই ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশের একজন কর্মকর্তা।

ডিএমপির একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ২২ জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া ৮ জুলাইসহ এর আগের বিভিন্ন প্রশিক্ষণে যারা ছিলেন তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১৪ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১৫ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৫ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১৫ ঘণ্টা আগে