ফেনীতে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে বিএনপির সভা

ফেনী প্রতিনিধি
ফেনীতে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে বিএনপির সভা

ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজার এলাকায় ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা ও দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে সভা শুরু হওয়ার পর থেকে প্রায় দেড়টা পর্যন্ত মঞ্চসংলগ্ন দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ছিল। সরেজমিনে দেখা যায়, ফরহাদনগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের সভার চেয়ারগুলোতে বসানো হয়। এতে প্যান্ডেলটি শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ করা হয়।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে নিহত যুবদল নেতা হারুনের পরিবারের জন্য প্রায় আট লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘরের চাবি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। এতে রিজভী ছাড়াও বক্তব্য দেন ফেনী সদর আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, বেলাল আহমেদসহ স্থানীয় নেতারা।

পাঠদান বন্ধ রাখার ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নীরব ক্ষোভ দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, সভাটি ক্ষমতাসীন দলের হওয়ায় প্রকাশ্যে কেউ এ বিষয়ে কথা বলেননি।

তবে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement