চোর সন্দেহে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন, কিশোরের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় চোর সন্দেহে বাসা থেকে তুলে নিয়ে মারধরের শিকার এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কিশোরটির মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। যার বাসায় চুরির অভিযোগে ওই কিশোরকে তুলে নিয়ে যাওয়া হয়, ফৌজিয়া রওশন আক্তার প্রীতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কিশোর বাপ্পিকে (১৫) তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। রাতভর তাকে মারধরের পর বুধবার (১২ নভেম্বর) সারা দিনও নির্যাতন করা হয় তাকে।

পরে বুধবার সন্ধ্যার দিকে রাস্তায় ফেলে গেলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাপ্পীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

বাপ্পি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মো. শাহজাহান ও পারুল বেগম দম্পতির ছেলে। বাবা শাহজাহান রিকশাচালক। বাপ্পি তার মায়ের সঙ্গে একটি কারখানায় কাজ করত। ধোলাইপাড় এলাকার প্রেমগলিতে মা-বাবার সঙ্গে থাকত।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাপ্পীকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় রাসেল, শুভ ও শাকিবসহ কয়েকজন তাদের বাসায় এসেছিলেন। তাদের অভিযোগ ছিল, বাপ্পী মীরহাজীরবাগের একটি বাসা থেকে জানালা দিয়ে টাকা ও বিদ্যুতের প্রিপেইড কার্ড চুরি করেছে।

পরিবার বলছে, বাপ্পীকে মীরহাজীরবাগের আবু হাজী মসজিদ গলির একটি বাসার নিচতলার ‘ক্লাব ঘরে’ আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। বুধবার ভোরের দিকে তাকে আবার বাসায় নিয়ে আসা হয়েছিল, যেন সে চুরির মালামাল বের করে দেয়। বাসায় কিছু না পেয়ে আবার নিয়ে যায়। সারা দিন নির্যাতন করে সন্ধ্যার দিকে তাকে বাসার সামনের একটি সড়কে ফেলে দিয়ে যায়। হাসপাতালে নিতে চাইলে পথেই মৃত্যু হয় তার।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, ওই কিশোরকে চুরিতে জড়িত সন্দেহে বাসা থেকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। তার মা একটি হত্যা মামলা করেছেন। যার বাসায় চুরির সন্দেহে বাপ্পীকে ডেকে নেওয়া হয়েছিল সেই ফৌজিয়া রওশন আক্তার প্রীতিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়।

১১ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকারের ১ বছরে ঘুস লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুস লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

১১ ঘণ্টা আগে

শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুক্রবার

চীন সফরের শেষ দিন শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১২ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

দেশের হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে এ সময় কারও শরীরে হামের সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত হয়নি।

১২ ঘণ্টা আগে