ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাইসুল ইসলামকে হত্যার হুমকি ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এহসানুর হক মাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ মাহিমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলামের বাড়ির সামনে (কেরাণীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর সড়ক-২ এলাকায়) দীর্ঘদিন ধরে আড্ডাবাজি ও মাদক সেবন করে আসছিলেন মাহিম। বিষয়টি নিয়ে নিষেধ করলে তিনি বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে রাইসুল ইসলামের বাবা নজরুল ইসলাম আড্ডা দিতে নিষেধ করলে মাহিম ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তার চোখের নিচে রক্তাক্ত জখম হন। নজরুলের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা কৌশলে নিয়ে যান। এ সময় চিৎকার শুনে এগিয়ে গেলে রাইসুলকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মাহিম পালিয়ে যান। এ ঘটনায় রাইসুল ইসলাম বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।












-f7dee2-256x144.webp)


-9c3647-256x144.webp)
