খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান তার জামিনের আবেদন করেন। তিনি বলেন, “আবুল কাশেম পাটোয়ারী এ ঘটনায় জড়িত নন। তিনি মামলার এজাহারনামীয় আসামিও নন। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার জামিনের প্রার্থনা করছি।”

তবে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আবুল কাশেম পাটোয়ারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই সময় রাজধানীর কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে ‘হত্যার উদ্দেশ্যে’ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালান।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement