সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় গ্রেপ্তার সাবেক এমপি বুবলী

ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই মো. শরিফুল ইসলাম গত ২৯ এপ্রিল বুবলীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। আজ শুনানিকালে বুবলীকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বুবলীকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। বুবলীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীন মুমু গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। তবে শুনানি শেষে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গ্রেপ্তার আবেদনে বলা হয়, ‘মামলার তদন্তকালে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তদন্তে জানা গেছে, আসামি বুবলী মিছিলের অর্থের যোগাদানদাতা ও নির্দেশদাতা। তিনি ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঘটনাস্থলের আশপাশে অন্যান্য আসামিদের সঙ্গে ঘোরাফেরা করে মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন৷ পরে দ্রুত এলাকা ত্যাগ করে চলে যান। তাছাড়া মামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণাদি পাওয়া গেছে।’
এর আগে ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরে ৭ সেপ্টেম্বর বুবলীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন তেজগাঁও থানার এসআই এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা। পরে ২৮ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযানে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছে।
ওই মামলার বিবরণীতে বলা হয়েছে, ‘৭ সেপ্টেম্বর দুপুরের দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল করে। একপর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ১টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ কয়েকজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।’










-f7dee2-256x144.webp)


-9c3647-256x144.webp)
