দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।  ছবি: সংগৃহীত
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

গত ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জন। ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল। ওই সময়ের মধ্যে নিবন্ধিত ভোটাররা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে বা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে সম্পূরক ভোটার তালিকা করা হতে পারে।

এর আগে গত মে মাসে ভোটার তালিকা হালনাগাদ করেছিল ইসি। তখন দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর আড়াই মাসের কিছু বেশি সময়ে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে ইসি সচিব বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন সংশোধনের সুপারিশও প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ নিয়েও তথ্য দিয়েছেন ইসি সচিব। তিনি জানান, রোববার বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল ইসি থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম নেয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement