খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে : আসিফ নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৬

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, খালেদা জিয়াকে প্রহসনমূলক ও সাজানো রায়ে কারাগারে পাঠিয়ে দীর্ঘদিন অকথ্য নির্যাতনের শিকার করা হয়েছে। আপিল বিভাগের রায়েও একাধিকবার উল্লেখ করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল। তিনি বলেন, এমনটি না হলে হয়তো আমরা বেগম জিয়াকে এত দ্রুত হারাতাম না। ব্যক্তিগতভাবে আমি মনে করি, তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে সবসময় তার খোঁজখবর রেখেছেন। তার শারীরিক অবস্থা উপযোগী হলে সরকারের পক্ষ থেকে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হতো। তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য, যদি আমরা বেগম জিয়াকে আরও এক-দুই বছর পেতাম, তাহলে কিছু করার সুযোগ থাকত। আল্লাহর ইচ্ছায় তিনি দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।

আসিফ নজরুল জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক একটি বৈঠক মঙ্গলবার দুপুরেই অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশেই দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজা ও দাফন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা দেওয়া হবে। সভায় উপদেষ্টারা খালেদা জিয়ার স্মৃতিচারণও করেন। সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

তিনি বলেন, জাতির এই বিশেষ সময়ে খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান চিরস্থায়ী হয়ে থাকবে। একই সঙ্গে তিনি তার জানাজা শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে আদায়ের জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে।

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার সকাল আনুমানিক ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাদক নিয়ন্ত্রণে পৃথক ট্রাইব্যুনাল, আগ্নেয়াস্ত্র ও ডগ স্কোয়াডের বিল সংসদে

মাদক বিষয়ক মামলা দ্রুত বিচারে পৃথক ট্রাইব্যুনাল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া ও ডগ স্কোয়াড গঠনের বিধান রেখে সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল তোলা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে— এমন দাবি করে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

১৬ ঘণ্টা আগে

বুয়েটে আবরার ফাহাদের নামে হল হবে: শিক্ষামন্ত্রী

সহপাঠীদের মারধরে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি হল করার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রাজধানীর পূর্বাচলে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস সম্প্রসারণ করে এ হল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

১৭ ঘণ্টা আগে

তাজিয়া মিছিলে রশি ধরা নিয়ে বিতণ্ডায় তরুণকে হত্যা, গ্রেপ্তার ৪: পুলিশ

পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া জাকির হোসেন (৩১) নামে এক তরুণকে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, মিছিলে থাকা ডুলির (প্রতীকী কাঠামো) রশি ধরাকে কেন্দ্র করে ‘বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে।

১৮ ঘণ্টা আগে