বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল। রাজনীতি ডটকম ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল। রাজনীতি ডটকম ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে দেওয়ার প্রক্রিয়ায় এগিয়েছে সরকার। এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতায় শ্রমিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আন্দোলনের মধ্যেই এ সংক্রান্ত খসড়া চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিটির দায়িত্ব আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে।

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের মাধ্যমে টার্মিনালটি পরিচালনার কথা রয়েছে।

খসড়া চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরটি ১৫ বছর এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সরকার এ বিষয়ে প্রক্রিয়া এগিয়ে নিলেও শুরু থেকেই এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন।

এর প্রতিবাদে ধারাবাহিকভাবে আন্দোলনও করে আসছেন তারা। এমন পরিস্থিতির মধ্যেই এনসিটি পরিচালনার খসড়া চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত এলো।

তবে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনসিটির পরিচালনার দায়িত্ব কোন বিদেশি অপারেটরকে দেওয়া হচ্ছে, তা উল্লেখ করা হয়নি। যদিও শুরু থেকেই চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালটি দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা হয়ে আসছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement