মালয়েশিয়াগামী ট্রলার থেকে পাচারকারী সন্দেহে আটক ১১, উদ্ধার ৭৬ জন

বঙ্গোপসাগরে টহলের সময় মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য সন্দেহে আটক করা হয়েছে। পাচারকারী চক্রের এই সদস্যরা বাকি ৬৫ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা করছিল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল দূরে নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস খালিদ বিন ওয়ালিদ’ এ উদ্ধার অভিযান চালায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাছ ধরার একটি ট্রলার সমুদ্রে আরেকটি কাঠের ট্রলারকে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে দেখে এগিয়ে যায়। এ সময় মাছ ধরার ট্রলারটি সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু বিকল ইঞ্জিনের ট্রলারে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি নৌবাহিনীকে জানায়।
আইএসপিআর জানিয়েছে, খবর পেয়ে সেন্টমার্টিন ও এর আশপাশের এলাকায় টহলে থাকা বিএনএস খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাঠের ট্রলারটি উদ্ধার করে। ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে যাওয়ায় ওই ট্রলারে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নৌবাহিনী বলছে, ট্রলারে থাকা ৭৬ জনকেই নিরাপদে উদ্ধার করা হয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোট থেকে উদ্ধার ৬৫ ভুক্তভোগীর অধিকাংশকেই অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় বন্দি করে রাখা হয়েছিল। পরে তাদের মালয়েশিয়া পাচার করতে ট্রলারে তোলা হয়।

















-9d5c8f-256x144.webp)