ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সভাপতি ও সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
রোববার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বার্তায় তার মৃত্যুর তথ্য জানানো হয়। অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।
পরে তার মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এরপর তার শেষকৃত্য সম্পন্ন হবে।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করতেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই কন্যাসন্তানের জনক। তার স্ত্রী মনিকা ভৌমিক আগেই মারা গেছেন।
















