সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭: এইচআরএসএস

সেপ্টেম্বরে সারাদেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৫২৭ জন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি প্রকাশ করে সংগঠনটি। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর আগে আগস্টে ৭০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় সাতজন নিহত ও ৫৩৬ জন আহত হয়েছিলেন।
এইচআরএসএস জানায়, সেপ্টেম্বরে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ৩৫টি ঘটনায় ৩৪০ জন আহত এবং একজন নিহত হয়েছেন।
বিএনপি-জামায়াতের মধ্যে সাতটি সংঘর্ষে ৬১ জন, বিএনপি-আওয়ামী লীগের ছয়টি সংঘর্ষে ৪২ জন আহত ও একজন নিহত এবং জামায়াত-আওয়ামী লীগের দুটি সংঘর্ষে তিনজন আহত ও একজন নিহত হয়েছেন। বিএনপি-এনসিপির তিনটি সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন।
এ ছাড়া অন্যান্য দলের সঙ্গে বিএনপির সাতটি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বিভিন্ন দলের মধ্যকার আরও সাতটি সংঘর্ষে ৫০ জন আহত ও একজন নিহত হন। সংগঠনটির হিসাবে, সেপ্টেম্বরে নিহত চারজনের মধ্যে দুজন আওয়ামী লীগের, একজন বিএনপির এবং একজন জামায়াতে ইসলামীর।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দুটি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে এইচআরএসএস। একই সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের পৃথক ১২টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় বিএনপির পাঁচজন ও জামায়াতের একজনসহ সাতজন আহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।














-93027b-256x144.webp)


