তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের গভীর শোক

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক এবং দেশের অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে অনলাইন এডিটরস ফোরাম।
শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির আহ্বায়ক শরীফুজ্জামান পিন্টু এবং সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদের সইয়ে এক শোক বিবৃতিতে অনলাইন এডিটরস ফোরাম এ শোক জানায়।
বিবৃতিতে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল সাংবাদিকতার তিনটি মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তার পেশাগত অভিজ্ঞতা ও অবদান ছিল উল্লেখযোগ্য।
২০০৬ সালে তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশ, পেশাগত উৎকর্ষ এবং সার্বক্ষণিক সংবাদ প্রকাশের ধারাকে সুসংহত করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
২০০৬ সালের আগে তৌফিক ইমরোজ খালিদী দেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসিতেও সাংবাদিকতা করেছেন। দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
অনলাইন এডিটরস ফোরামের শোক বিবৃতিতে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও দূরদর্শী সাংবাদিককে হারাল। বিশেষ করে দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত তৌফিক ইমরোজ খালিদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে মারা যান। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।


















