ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: ১ ডিসেম্বরের আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তায় আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।
সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার শত শত শ্রমিক মিছিল নিয়ে অংশ নেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সমাবেশ শেষে শত শত শ্রমিক একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচলের গতি থমকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বর্তমান জীবনযাত্রার ব্যয়ের নিরিখে দ্রুত মজুরি কাঠামোর পুনর্বিন্যাসের জোর দাবি জানান।
পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলন শুরু করা হবে।
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা হবে।
গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্যসচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দুর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।










-50fb5f-256x144.webp)





-565697-256x144.webp)
