এসএসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন নম্বর ১৬১৪০

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০০: ০২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এবার এসএমএসের মাধ্যমে ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন ১৬১৪০ নম্বর যুক্ত করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১১৩৪৫৬ হলে SSC DHA 113456 2026 লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। পাশাপাশি eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

বেশ কয়েক বছর ধরেই এসএসসি ও এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই ফল ঘোষণা হয়ে আসছে। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা এর আগে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বোর্ডগুলো।

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে এ বছর ফরম পূরণ করেছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে এসএসসির পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে তিন লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

তবে ২১ এপ্রিল প্রথম পরীক্ষার দিনে ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল মোট ১১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় দুই হাজার ৩০৭ জন অনুপস্থিত ছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement