মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তেই ইরানে ‘গোপনে’ হামলা চালায় সৌদি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মে ২০২৬, ১২: ০৫
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানকে নিরাপত্তা দিচ্ছে সৌদি যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স

ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যখন ইরানে যৌথ হামলা শুরু করেছিল, তখন এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালায়। ইরানের এ হামলার শিকার হয়েছিল সৌদি আরবও। পালটা জবাবে সৌদি আরব তখন ঘোষণা ছাড়াই ইরানে বেশ কয়েকবার ‘গোপনে’ বিমান হামলা চালিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা এবং দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (১৩ মে) রয়টার্সের খবরে বলা হয়, এর আগে কখনো প্রকাশ্যে ইরানের মাটিতে সৌদি আরবের সরাসরি সামরিক অভিযান চালানোর তথ্য সামনে আসেনি। সৌদির এই হামলা ইঙ্গিত দিচ্ছে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের সুরক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী অবস্থান নিয়েছিল।

পশ্চিমা দুই কর্মকর্তা বলেন, সৌদি বিমান বাহিনীর এসব হামলা মার্চের শেষ দিকে চালানো হয়। তাদের একজন বলেন, ‘সৌদি আরবে হামলার পালটা জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছিল।’ তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল বার্তা সংস্থাটি। এ বিষয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি কিছু বলতে চাননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাকা সত্ত্বেও সৌদি আরব দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য মার্কিন সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু যুদ্ধবিরতির আগে টানা ১০ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধ সৌদি আরবকে এমন হামলার মুখে ফেলেছে, যা মার্কিন নিরাপত্তা বলয়ের ভেতরেও আঘাত হানতে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি রাষ্ট্রেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু মার্কিন সামরিক ঘাঁটিই নয়, বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ও তেল অবকাঠামোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের বিঘ্ন ঘটে।

সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতও ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে। সৌদি আরব ও আমিরাতের এসব পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় রাজতন্ত্রগুলোও পালটা জবাব দিতে শুরু করেছিল।

তবে দুই দেশের কৌশলে পার্থক্য রয়েছে। সংযুক্ত আরব আমিরাত তুলনামূলক কঠোর অবস্থান নিয়ে ইরানের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে এবং তেহরানের সঙ্গে খুব সীমিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছে।

অন্যদিকে সৌদি আরব সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে নিয়মিতভাবে ইরানের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের মাধ্যমেও যোগাযোগ চলছিল বলে জানা গেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘সৌদি আরব সবসময় উত্তেজনা প্রশমন, সংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে।’

ইরানি ও পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার বিষয়টি সৌদি আরব আগে থেকেই ইরানকে জানিয়ে দেয়। এরপর দুই দেশের মধ্যে নিবিড় কূটনৈতিক যোগাযোগ শুরু হয় এবং সৌদি আরব আরও কঠোর জবাবের হুমকি দিলে শেষ পর্যন্ত উত্তেজনা কমানোর বিষয়ে সমঝোতা হয়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান-বিষয়ক প্রকল্প পরিচালক আলী ভায়েজ বলেন, পালটা হামলার পর উত্তেজনা কমিয়ে আনার পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে উভয় পক্ষ উপলব্ধি করেছে যে নিয়ন্ত্রণহীন সংঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘এটি পারস্পরিক আস্থার নয়; বরং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়াতে সংঘাতের সীমা নির্ধারণে দুই পক্ষের অভিন্ন স্বার্থের প্রতিফলন।’

এই অনানুষ্ঠানিক সমঝোতা কার্যকর হয় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ৭ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগের সপ্তাহে। ইরানের এক কর্মকর্তা জানান, তেহরান ও রিয়াদ শত্রুতা বন্ধ, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতেই এই সমঝোতায় পৌঁছায়।

মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নি মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তি ইরান ও সৌদি আরব দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে বিপরীত পক্ষকে সমর্থন দিয়ে এসেছে। তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন হয়। এর অংশ হিসেবে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধবিরতিও কার্যকর রয়েছে।

লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় সংঘাতের মধ্যেও সৌদি আরব তেল রপ্তানি অব্যাহত রাখতে পেরেছে। ফলে উপসাগরীয় অনেক দেশের তুলনায় তারা তুলনামূলকভাবে কম ক্ষতির মুখে পড়েছে।

সৌদি মালিকানাধীন আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে সাবেক সৌদি গোয়েন্দাপ্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল লিখেছেন, ‘ইরান ও অন্যরা যখন সৌদি আরবকে ধ্বংসের অগ্নিকুণ্ডে টেনে নিতে চেয়েছিল, তখন আমাদের নেতৃত্ব প্রতিবেশীর আঘাত সহ্য করেও নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষার পথ বেছে নেয়।’

মার্চ জুড়ে উত্তেজনা বাড়ার পর ১৯ মার্চ রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন, প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে সৌদি আরবের। এর তিন দিন পর সৌদি আরব ইরানের সামরিক অ্যাটাশে এবং দূতাবাসের আরও চার কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।

পশ্চিমা কর্মকর্তারা বলছেন, মার্চের একেবারে শেষের দিকে এসে ইরানের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা অনেকটাই ফিকে হয়ে আসতে শুরু করে। দেশ দুটির মধ্যে একটি বোঝাপড়া তৈরি হয়। এর পেছনে কাজ করেছিল পারস্পরিক কূটনৈতিক যোগাযোগ এবং হামলা হলে কড়া পালটা জবাব দেওয়ার বিষয়ে সৌদি আরবের হুমকি।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, ২৫ থেকে ৩১ মার্চের মধ্যে দেশটির ভূখণ্ডে ১০৫টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। এপ্রিলের ১ থেকে ৬ তারিখে সংখ্যাটি নেমে দাঁড়ায় ২৫-এর কিছু বেশিতে।

এদিকে পশ্চিমা সূত্রগুলোর মূল্যায়ন অনুযায়ী, এপ্রিলের শুরুর দিকে ইরাকের ভূখণ্ড থেকেও সৌদি আরবে বেশ কিছু হামলা হয়েছিল। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ৭ ও ৮ এপ্রিল দেশটির দিকে ৩১টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এরপর ১২ এপ্রিল ইরাকের ভূখণ্ড থেকে হামলার প্রতিবাদ জানিয়ে ইরাকি রাষ্ট্রদূতকে তলবও করেছিল সৌদি আরব।

ওই পরিস্থিতিতে রিয়াদ আবারও ইরান ও ইরাকের বিরুদ্ধে পালটা হামলার কথা ভাবতে শুরু করে। তখন কূটনৈতিক তৎপরতা বাড়ায় পাকিস্তান। সৌদি আরবকে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন করে দেশটি। পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই উত্তেজনা অনেকটাই কমে আসে।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ভারত, জানালেন অর্থমন্ত্রী সীতারামন

অর্থমন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো এবং ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে সমন্বিত প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও কাজ চলছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

২ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে

ইরান যুদ্ধে ‘প্রায় সব’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

২ দিন আগে