দিল্লিতে এবার কংগ্রেস নেতাদের আটক, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ২০: ১৪
পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির অন্যান্য নেতা (বাঁয়ে) ও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির সমর্থকরা (ডানে)। ছবি: রয়টার্স

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। আজ মঙ্গলবার দুপুর থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কংগ্রেসের বেশ কয়েকজন সংসদ সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তবে বিকেলের পর তাদের আটক করা শুরু করেছে দিল্লি পুলিশ। একই দিনে সিজেপিও ঘোষণা দিয়েছে, তারা আর সংসদ অভিমুখে মিছিল করবে না, তবে আন্দোলন ‘অন্যভাবে’ চালিয়ে যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আরও ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা সুপ্রিয়া সুলেসহ বিরোধী জোটের কয়েকজন নেতা।

মঙ্গলবার দুপুরে তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গে পৌঁছে সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে স্লোগান দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতার জবাব চাইতেই আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে এসেছি।’ তিনি আরও বলেন, ‘ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

বিক্ষোভ চলতে থাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পরে কংগ্রেসের সংসদ সদস্যদের একে একে আটক করে বাসে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে শুরু করে পুলিশ।

এর আগে কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাহুল গান্ধী দলের নেতাকর্মীদের মধ্যে প্লাস্টিকের জিপ টাই বিতরণ করছেন। পরে বিক্ষোভকারীরা নিজেদের হাত একসঙ্গে বেঁধে ফেলেন, যাতে পুলিশ সহজে তাদের আটক করতে না পারে।

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির কয়েক ঘণ্টা আগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে সোমবারের সংঘর্ষে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন।

এদিকে গতকাল সোমবারের সহিংসতার ভিডিও ভাইরাল হওয়ার পর সিজেপি তাদের মুখপাত্র বিজেতা দাহিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। এক বিবৃতিতে দলটি বলেছে, শান্তিপূর্ণ আন্দোলনকারীরা যখন পুলিশের সহিংসতার মুখে ছিলেন, তখন দাহিয়ার আচরণ ছিল ‘গভীরভাবে অসংবেদনশীল’, ‘বিচারবোধের সম্পূর্ণ অভাবের পরিচায়ক’ এবং দলের আদর্শ ও নীতির সঙ্গে ‘সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ’। তাই তাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে দিল্লি হাইকোর্ট ইঙ্গিত দিয়েছে, অনশনরত আন্দোলনকারী সোনাম ওয়াংচুককে তার পছন্দের বেসরকারি হাসপাতাল মেদান্তায় স্থানান্তরের অনুমতি দেওয়া হবে। অনশনের ২৪তম দিনে আদালত জানিয়েছে, সফদরজং হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক আদেশ দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারও এতে সম্মতি জানিয়েছে। তবে তারা বলেছে, মেদান্তা হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে যেন ওয়াংচুক হাসপাতাল না ছাড়েন।

এদিকে হালকা বৃষ্টি, বিদ্যুৎ বিভ্রাটে ফ্যান বন্ধ হয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত শামিয়ানার মধ্যেও মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে অন্তত ৩০০ আন্দোলনকারী জড়ো হন। পুরো মধ্য দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। বিভিন্ন স্থানে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয় এবং ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

আর সংসদমুখী মিছিল নয়

সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আজ যুব নেতৃত্বাধীন সিজেপি ঘোষণা দিয়েছে, তারা আর সংসদ অভিমুখে মিছিল করবে না। দলের দাবি, আবারও এমন কর্মসূচি দিলে আরও বেশি তরুণ আহত হওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনের ২৪তম দিনে দলটি জানিয়েছে, সোমবারের দমন-পীড়নের পরও তাদের কর্মসূচি চলবে, তবে তা অন্য উপায়ে।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেন, ‘আমরা আর মিছিল করব না, কারণ পুলিশ আবারও তরুণদের আহত করবে।’ তিনি বলেন, ‘আরও মানুষ আহত হোক, সেটা আমরা চাইনি বলেই সোমবারের মিছিল প্রত্যাহার করা হয়েছিল।’

সরকারের কড়া সমালোচনা করে সিজেপি বলেছে, ‘সরকার নিজেকেই লজ্জিত করেছে। চাইলে অনেক আগেই পদত্যাগ হতে পারত। কিন্তু বিজেপির সবাই অহংকারে অন্ধ।’ একই সঙ্গে দলটি আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছে।

আহত-আটক ও পরবর্তী কর্মসূচি

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সোমবারের সংঘর্ষে প্রায় ১৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্য এবং ৬০ জন আন্দোলনকারী। এ ছাড়া ৭০ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিজিৎ দিপকের দাবি, সংঘর্ষের পর ১৫০ জনের বেশি আন্দোলনকারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার দিল্লি ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ ‘চলো সংসদ’ কর্মসূচিতে যোগ দেন। অনলাইনে ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে শুরু হওয়া এই আন্দোলন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের সবচেয়ে দৃশ্যমান যুব আন্দোলনগুলোর একটিতে পরিণত হয়েছে।

গত মে মাসে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে প্রভাবিত করা বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও তরুণদের ব্যাপক সমর্থন পেয়েছে কয়েক মাস ধরে চলা এই আন্দোলন।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে তার ও সৌরভ দাসের বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি।

যন্তর মন্তরে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘জে পি নাড্ডা বলেছিলেন, তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো উত্তর পাইনি।’ তিনি আরও বলেন, ‘পাঁচ ঘণ্টা নষ্ট হয়েছে। সরকার যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, তাহলে এখন তাদেরই এখানে আসতে হবে।’

দলটি জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।

অন্যদিকে সোনাম ওয়াংচুকও মঙ্গলবার এক চিঠিতে জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতিনিধিদের সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ না দেওয়া পর্যন্ত, অথবা হাসপাতাল থেকে তাকে সেই সুযোগ না দেওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। তিনি আশা প্রকাশ করেন, এর আগেই সরকার শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দিল্লিতে মহাসমাবেশ: কৃষকদের ঠেকাতে শম্ভু সীমান্ত বন্ধ, নেতাদের আটক

সীমান্তে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি একাধিক ব্যারিকেড বসানো হয়েছে। মহাসমাবেশের আগে হরিয়ানার বিভিন্ন স্থান থেকে কয়েকজন কৃষক নেতাকেও আটক করেছে পুলিশ। কৃষক নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

পুলিশি হামলার জেরে আর মিছিল নয়, তবে আন্দোলন চলবে: সিজেপি

ভারতের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) জানিয়েছে, তারা আন্দোলন চালিয়ে যাবে, তবে আর কোনো মিছিল করবে না। গতকাল সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু সমর্থক আহত হওয়ার পর আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন আন্দোলনের নেতারা।

১০ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: রাডার ও স্যাটেলাইট ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি

আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির প্রথম বিবৃতি অনুযায়ী, কুয়েতে মার্কিন বাহিনীর একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে সফল হামলা চালানো হয়েছে। একই সঙ্গে 'আলি আল-সালেম' বিমানঘাঁটিতে অ

১১ ঘণ্টা আগে

বৈষম্যের অভিযোগে কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কার্নি বলেন, "কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক আরোপের যে একতরফা বাণিজ্য পদক্ষেপ শুরু করেছিল, শুল্ক আরোপের নতুন এই সিদ্ধান্ত তারই ধারাবাহিকতা।"

১৩ ঘণ্টা আগে