বালু উত্তোলন নিয়ে বিরোধ— ভারতে বিজেপি নেতাকে পুড়িয়ে মারার অভিযোগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জুন ২০২৬, ২১: ৫৩
নৃশংস এ ঘটনার পর কোরিয়া জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত এক ভয়াবহ ও নৃশংস রূপ নিলো ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায়। সেখানে একটি ফরচুনার এসইউভি গাড়িকে দুটি ট্রাকের মাঝে আটকে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন যখন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং, যিনি এলাকায় লাল্লা সিং নামে পরিচিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গত মঙ্গলবার গভীর রাতে সোনহাত থানা এলাকার নওগাইন গ্রামে এ রোমমহর্ষক ঘটনাটি ঘটে। ঘটনার পর কোরিয়া জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

নিহত ভারত সিংয়ের পরিবারের দাবি, বালু মহালের কাজকর্ম নিয়ে তৈরি হওয়া একটি বিরোধের মীমাংসা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তিনি একটি পরিকল্পিত ফাঁদে পা দেন বলে অভিযোগ করছে পরিবার। এ ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর ধারায় ৯ জন নামধারী আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পুলিশ এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। এরা হলেন— অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী এবং মন্নু ত্রিপাঠী। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকার বালু মহালের ইজারা বা চুক্তি পেয়েছিল বিজেপি নেতা ভারত সিংয়ের পরিবার। স্থানীয়দের দাবি, এরপরই সোনহাত, কৈলাশপুর, তেলিমুদা, বেলিয়া এবং ছিংগুরা এলাকায় বালু পরিবহন এবং এর সঙ্গে জড়িত ‘অবৈধ’ চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় এক তিক্ত লড়াই। ভারত সিংয়ের পক্ষ এবং আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে এই বিরোধ গত কয়েক মাস ধরে চলছিল।

আগুনে পুড়ে যাওয়া এসইউভি গাড়িটির ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আগুনে পুড়ে যাওয়া এসইউভি গাড়িটির ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

বৈকুণ্ঠপুরে বালু পরিবহনের জন্য ত্রিপাঠী পরিবারের বেশ কিছু টিপার ট্রাক ছিল। বালু মহালের পাওনা টাকা এবং বালুর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও ঘনীভূত হয়। শুরুতে যা ছিল কেবলই একটি বালু উত্তোলন সংক্রান্ত বিরোধ, তা দ্রুতই স্থানীয় আধিপত্য, হুমকি এবং প্রভাব বিস্তারের লড়াইয়ে রূপ নেয়। গত মঙ্গলবার রাতে এই সংঘাত সবচেয়ে নৃশংস পর্যায়ে পৌঁছায়।

তদন্তকারীরা জানিয়েছেন, ভারত সিং এবং তার সহযোগীরা যে ফরচুনার গাড়িতে ছিলেন, সেটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। প্রতিবেদন অনুযায়ী, গাড়িটির পালানোর সব পথ বন্ধ করতে এর সামনে এবং পেছনে ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ফলে গাড়ির ভেতরেই জীবন্ত পুড়ে মারা যান বিজেপি নেতা ভারত সিং।

এই হামলায় নিহত অন্য দুজন হলেন— বীরেন্দ্র সিং, যিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং নগেন্দ্র সিং, যিনি পেশায় একজন শিক্ষক এবং ভারত সিংয়ের চাচাতো ভাই। এ ছাড়া মায়াঙ্ক সিং নামে অন্য এক আহত ব্যক্তি বর্তমানে বিলাসপুরের অ্যাপোলো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার মাথা ও মুখে গুরুতর আঘাত লেগেছে।

ভারত সিং একসময় কংগ্রেসের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০১৮ সালে ভূপেশ বাঘেল রাজ্যের মুখ্যমন্ত্রী হলে বিজেপিতে যোগ দেন। এলাকায় যথেষ্ট প্রভাবশালী এই নেতা হুটার লাগানো ফরচুনার গাড়ি নিয়ে চলাফেরা করতেন, যা ওই অঞ্চলের বালু ব্যবসার নেটওয়ার্কে তার ক্ষমতা ও দাপটের প্রতীক ছিল।

নিহতের পরিবার এই ঘটনার কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) দিয়ে তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ‘এই হামলা আকস্মিক নয়, বরং অত্যন্ত সুপরিকল্পিত’ ছিল বলে অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করেছে তারা। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িতে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

রাজ্যের অতিরিক্ত পুলিশ সুপার সুরেশা চৌবে জানান, প্রাথমিক তদন্তে ত্রিপাঠী ও ঠাকুর পক্ষের মধ্যে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের তথ্য মিলেছে। তিনি বলেন, ঠাকুর পরিবারের সদস্যরা রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে ওই এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়। এই সংঘর্ষের একপর্যায়ে ফরচুনার গাড়িটিতে আগুন দেওয়া হয়। তিনি আরও জানান, চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিরা মোবাইল ফোন বন্ধ করে পলাতক রয়েছে।

সোনহাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) বিনোদ পাসওয়ানও দুই পক্ষের মধ্যে বালু ব্যবসার বিরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এক পক্ষে ছিলেন লাল্লা সিং, যিনি একটি ক্রাশার মেশিন চালাতেন এবং অন্য পক্ষে ছিল ত্রিপাঠী পরিবার। এর আগেও এই বিরোধের জেরে মামলা হয়েছিল। ওসির মতে, লাল্লা সিং কিছুদিন অবৈধ বালু উত্তোলন বন্ধ রাখলেও সম্প্রতি তা আবারও শুরু হয়। ঘটনার কয়েক দিন আগে মায়াঙ্ক সিং নামের এক ব্যক্তি ত্রিপাঠী পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ ওঠে, যার প্রেক্ষিতে একটি মামলাও দায়ের হয়েছিল।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় রাজনীতিতেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘কোরিয়া জেলার ইতিহাসে এ ধরনের ঘটনা নজিরবিহীন। দুই পক্ষের মধ্যে আগের বিরোধের কথা জানা থাকলেও, পরিস্থিতি কীভাবে এমন ভয়াবহ রূপ নিলো তা তদন্তের পরেই পরিষ্কার হবে।’ সাবেক বিধায়ক গুলাব কামরো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, কোরিয়া জেলার এই ঘটনাটি তার নজরে এসেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনায় দোষী সাব্যস্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement