কঙ্গোতে ইবোলায় মৃত্যুহার ৩০-৫০%, সুস্থ হয়েছেন একজন

ডেস্ক, রাজনীতি ডটকম
ডিআর কঙ্গোতে ইবোলা নিয়ে সতর্কামূলক ব্যানার। ছবি: সংগৃহীত

ডেমোক্র‍্যাটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআরসি) চলমান ইবোলা প্রাদুর্ভাবে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পরিস্থিতি মোকাবিলায় সহায়তা দিতে দেশটিতে পৌঁছেছেন সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

বৃহস্পতিবার জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘হাই থ্রেট প্যাথোজেনস’ দলের কর্মকর্তা আনাইস লেগাঁ জানান, নিশ্চিত রোগীদের তথ্য বিশ্লেষণ করে এই মৃত্যুহারের হিসাব করা হয়েছে।

লেগাঁ বলেন, ‘এটি অত্যন্ত উচ্চ মৃত্যুহার। এর অর্থ হলো প্রতি ১০ জন আক্রান্তের মধ্যে পাঁচজন পর্যন্ত মারা যেতে পারেন।’

তবে সংকটের মধ্যেও আশার খবর রয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, ২৭ মে ডিআরসিতে এক ইবোলা রোগী পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলমান প্রাদুর্ভাবে এটিই প্রথম নিশ্চিত সুস্থতার ঘটনা।

এক হাজারের বেশি আক্রান্ত, শতাধিক মৃত্যুর আশঙ্কা

গত ১৫ মে প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে ডিআর কঙ্গোতে ১০টি নিশ্চিত ও ২২৩টি সন্দেহভাজন ইবোলা-সংক্রান্ত মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে ডব্লিউএইচও। একই সময়ে এক হাজারেরও বেশি নিশ্চিত ও সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে।

তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কারণ ভাইরাসটি কিছু সময় ধরে অজানা অবস্থায় ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার কিনসাসা পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুসু। ছবি: সংগৃহীত
শুক্রবার কিনসাসা পৌঁছেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুসু। ছবি: সংগৃহীত

‘এই প্রাদুর্ভাব থামানো সম্ভব’

বৃহস্পতিবার রাজধানী কিনশাসায় পৌঁছান ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। শুক্রবার তার উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল পরিদর্শনের কথা থাকলেও সফর একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই প্রাদুর্ভাব থামানো সম্ভব।’

একই সঙ্গে তিনি ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করে বলেন, এসব ব্যবস্থা সাধারণত খুব বেশি কার্যকর হয় না।

কঙ্গোর জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় টেড্রোস বলেন, ‘আমরা একসঙ্গে এই প্রাদুর্ভাব মোকাবিলা করব। সহায়তার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় বাধা সংঘাত

বর্তমান প্রাদুর্ভাবটি ডিআরসির খনিজসম্পদসমৃদ্ধ এমন একটি অঞ্চলে ছড়িয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে।

টেড্রোস বলেন, ‘সংঘাত ও বাস্তুচ্যুতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।’

তিনি যুদ্ধরত পক্ষগুলোর প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো কারণ, কোনো সংঘাত বা কোনো অভিযোগই এমন নয়, যার জন্য নিরীহ মানুষকে প্রতিরোধযোগ্য একটি রোগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়।’

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে পূর্ব ডিআরসি থেকে প্রায় আড়াই লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। ওই অঞ্চলে সক্রিয় গোষ্ঠীগুলোর মধ্যে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরাও রয়েছে।

কী এই ইবোলা?

ইবোলার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, তীব্র ক্লান্তি, পেশিতে ব্যথা, মাথাব্যথা ও গলাব্যথা। পরে বমি, ডায়রিয়া, পেটব্যথা, ত্বকে ফুসকুড়ি এবং কিডনি ও যকৃতের কার্যকারিতা ব্যাহত হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।

আক্রান্ত ব্যক্তি বা ইবোলায় মৃত ব্যক্তির রক্ত ও শরীরের তরলের সংস্পর্শে এ রোগ ছড়ায়।

ডিআরসিতে এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। ১৯৭৬ সালে দেশটিতেই প্রথম রোগটি শনাক্ত হয়। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, সব প্রাদুর্ভাব মিলিয়ে রোগটির গড় মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ।

এখনো নেই অনুমোদিত চিকিৎসা

বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগিও ধরনের ইবোলার বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই।

তবে ডব্লিউএইচও বৃহস্পতিবার জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ কমিটিগুলো সম্ভাব্য টিকা ও চিকিৎসা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর সুপারিশ করেছে।

আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসির প্রধান জ্যাঁ কাসেয়া বলেছেন, বছরের শেষ নাগাদ একটি কার্যকর টিকা প্রস্তুত হতে পারে।

সীমান্ত বন্ধে সতর্ক ডব্লিউএইচও

প্রতিবেশী উগান্ডায় এরই মধ্যে একজনের মৃত্যু এবং আরও আটজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতির কারণে দেশটি ডিআরসির সঙ্গে সীমান্ত তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে।

তবে ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধ করে দিলে মানুষ অনানুষ্ঠানিক পথ ব্যবহার করতে পারে, যা রোগ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলবে।

কেনিয়ায় মার্কিন পরিকল্পনা স্থগিত

এদিকে কেনিয়ার উচ্চ আদালত ইবোলায় আক্রান্ত বা ঝুঁকিতে থাকা মার্কিন নাগরিকদের জন্য কোয়ারেন্টিন ও চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে।

যুক্তরাষ্ট্র আগে জানিয়েছিল, তাদের ভূখণ্ডে ইবোলা আক্রান্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সে কারণে কেনিয়ার একটি বিমানঘাঁটিতে ৫০ শয্যার একটি চিকিৎসা কেন্দ্র চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল।

তবে মানবাধিকার সংগঠন কাটিবা ইনস্টিটিউটের আবেদনের পর আদালত রায় দেয়, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, কেনিয়ার ইবোলা প্রস্তুতি জোরদারে এক কোটি ৩৫ লাখ ডলার সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আঞ্চলিক প্রতিক্রিয়া কার্যক্রমে এরই মধ্যে ১১ কোটি ২০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

সহায়তা পৌঁছাচ্ছে দুর্গত এলাকায়

ডব্লিউএইচও জানিয়েছে, ইতুরির রাজধানী বুনিয়ায় ৪ দশমিক ৬ টন জরুরি ত্রাণসামগ্রী পৌঁছেছে। অন্যদিকে ইউনিসেফ আরও ১০০ টন সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

গত পাঁচ দশকে আফ্রিকাজুড়ে ইবোলায় ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ডিআরসির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবটি ছিল ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, যখন প্রায় তিন হাজার ৫০০ আক্রান্তের মধ্যে দুই হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পকে ‘লুজার’ আখ্যা বাইডেনের, তুললেন অযোগ্যতা-দুর্নীতির অভিযোগ

প্রায় ১০ মিনিটের বক্তব্যে ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত প্রকল্পের সমালোচনা করেন বাইডেন। তিনি বলেন, ট্রাম্প হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে সেখানে একটি বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ ছাড়া তিনি জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবনের সম্মুখভাগে নিজের নাম যুক্ত করেছিলেন, যা পরে আদালতের নির্দেশে

১৫ ঘণ্টা আগে

ফ্রান্সে তাপপ্রবাহে বাড়তি ১ হাজার মৃত্যু, রেকর্ড দাবদাহে বিপর্যস্ত ইউরোপ

ফরাসি জনস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, তাপপ্রবাহজনিত অতিরিক্ত মৃত্যুর বেশির ভাগই বয়স্ক মানুষের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত বলেন, তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও এর স্বাস্থ্যগত প্রভাব আরও অন্তত ১০ দিন স্থায়ী হতে পারে। তার ভাষায়, 'এই সংকট এখনো শেষ হয়নি।'

১৬ ঘণ্টা আগে

হামলা-পালটা হামলায় ফের হুমকির মুখে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়া

রোববার দক্ষিণ ইরানের কয়েকটি স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই বাহরাইন ও কুয়েত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনাও পুরোপুরি স্থগিত করার হুমকি দেয় দেশটি। জবাবে ট্রাম্প সতর্ক করে বলেন, এমন সময় আসতে পারে যখন তিনি আর আলোচনায় আগ্রহী থাকবেন না

১৭ ঘণ্টা আগে

মুম্বাইয়ে মহররমের শোকমিছিলে বিষ মেশানো ক্যাপসুল বিতরণের চেষ্টা, গ্রেপ্তার ১

পুলিশ জানিয়েছে, তার কাছে প্রায় ১৪ হাজার বিষমিশ্রিত ক্যাপসুল পাওয়া গেছে। এসব ক্যাপসুলে ছিল জিঙ্ক ফসফাইড, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।

১ দিন আগে