শেষ হচ্ছে যুদ্ধক্ষমতার মেয়াদ, কী করবেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান যুদ্ধের প্রতীকী ছবি

কংগ্রেসের কোনো তোয়াক্কা না করে একক কর্তৃত্বেই ইরান যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ ৬০ দিন চালিয়ে যাওয়ার যে সময়সীমা, তা শেষ হচ্ছে আজ শুক্রবার (১ মে)। এরপরও ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যেতে হলে নিতে হবে কংগ্রেসের অনুমতি, নিদেনপক্ষে ‘অনিবার্য সামরিক প্রয়োজন’ দেখিয়ে আরও ৩০ দিন যুদ্ধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করতে হবে।

এ অবস্থায় কী করবেন ট্রাম্প? তিনি কি কংগ্রেসে ৩০ দিন যুদ্ধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করবেন? নাকি নানা চেষ্টাতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি বা সমঝোতা না হলেও যুদ্ধবিরতিতে থমকে থাকা এ সংঘাতকে এভাবেই বহাল রাখবেন?

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এপ্রিলের শুরুতে শুরু হওয়া যুদ্ধবিরতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘শত্রুতার সমাপ্তি ঘটিয়েছে’।

তিন সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো গোলাগুলি না হওয়ায় সংঘাত কার্যত থেমে আছে— এমন চুক্তি দেখিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশনের দৃষ্টিকোণ থেকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতা এখন শেষ হয়েছে।’

‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ হলো সেই মার্কিন আইন, যা ব্যবহার করে দেশটির প্রেসিডেন্ট কারও কোনো অনুমতি ছাড়াই একক কর্তৃত্বে কোনো দেশের বিপক্ষে যুদ্ধ বা সামরিক অভিযান শুরু করতে পারেন। এ ক্ষেত্রে প্রেসিডেন্টকে সময় দেওয়া হয়েছে ৬০ দিন। এই সময়সীমায়, তথা শুক্রবারের মধ্যে ট্রাম্পের সামনে খোলা ছিল দুটি বিকল্প— ইরান যুদ্ধ শেষ করা অথবা কংগ্রেসকে বোঝানো যে কেন তা বাড়ানো প্রয়োজন।

ইরান যুদ্ধে এই ৬০ দিনের ডেডলাইন পেরিয়ে যাওয়ার মুখে ওই কর্মকর্তার বক্তব্যকে ট্রাম্প প্রশাসনের আইনি অবস্থান বিবেচনা করা হচ্ছে। ইরানের সঙ্গে ‘শত্রুতা’র অবসান নিয়ে তার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, বাস্তবে এই সময়সীমা পেরিয়ে গেলেও যুদ্ধের গতিপথে বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে।

কংগ্রেসকে পাশ কাটানোর চেষ্টা

যুক্তরাষ্ট্রের সংবিধানে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা রয়েছে কেবল কংগ্রেসের হাতে। তবে বাস্তবে স্বল্পমেয়াদি বা ‘তাৎক্ষণিক হুমকি প্রতিরোধ’ হিসেবে কোনো অভিযান দেখিয়ে প্রেসিডেন্টরা প্রায়ই কংগ্রেসকে পাশ কাটিয়ে যুদ্ধ শুরু করে দিতে পারেন। প্রেসিডেন্টকে এ ক্ষমতা দেওয়া হয়েছে ১৯৭৩ সালের ‘মার্কিন ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ শীর্ষক আইনে।

এই আইনে বলা হয়েছে, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন। এরপর তাকে হয় অভিযান শেষ করতে হবে, নয়তো কংগ্রেসের অনুমোদন নিতে হবে, অথবা ‘অনিবার্য সামরিক প্রয়োজনে’র ভিত্তিতে আরও ৩০ দিনের সময় চাইতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় এবারের ইরান যুদ্ধ শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। এর ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্প কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের খবর অবহিত করেন। ওই সময় থেকে ৬০ দিনের সময়সীমা শুরু হয়। ১ মে সেই মেয়াদ শেষ হচ্ছে, যেখানে ট্রাম্পকে ইরান যুদ্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে হবে।

বিশ্লেষক ও কংগ্রেসের সহযোগীরা ধারণা করেছিলেন, ট্রাম্প হয়তো ৩০ দিনের সময় বাড়ানোর অনুরোধ করবেন অথবা ডেডলাইন উপেক্ষা করবেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের যুক্তি— যুদ্ধবিরতি থাকায় সংঘাত কার্যত শেষ, তাই আইনি সময়সীমা প্রযোজ্য নয়।

ডেমোক্র্যাটরা অবশ্য শুরু থেকেই বিভিন্ন প্রস্তাব এনে ট্রাম্পকে সেনা প্রত্যাহার বা কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করতে চেষ্টা করেছে। কংগ্রেসে এ নিয়ে দীর্ঘ বিতর্কও হয়েছে। কিন্তু ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি বর্তমানে সামান্য ব্যবধানে হলেও মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেসব প্রস্তাব আর পাস হয়নি।

প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ও ডেমোক্র্যাটদের আপত্তি

এর মধ্যে বৃহস্পতিবার সিনেটে এক শুনানিতে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুদ্ধবিরতির সময় ৬০ দিনের ‘ঘড়ি’ কার্যত থেমে ছিল বলে তিনি মনে করেন।

তার বক্তব্যের অর্থ— গত ৮ এপ্রিল যখন যুদ্ধবিরতি ঘোষণা হয়, তখন যুদ্ধের বয়স ৪০ দিন। হেগসেথ বলছেন, এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ মূলত ৪০ দিনই হয়েছে। ফলে ট্রাম্পকে কোনো ‘ডেডলাইনে’র মুখে পড়তে হচ্ছে না।

তবে বিরোধী ডেমোক্র্যাটরা এই ব্যাখ্যা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, যুদ্ধবিরতি চলমান থাকার সময়কে যুদ্ধের বাইরে রেখে হিসাব করার বিষয়টি আইনে নেই। যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধের সময় গণনা করা হবে, যুদ্ধবিরতি থাকলে সেটি সহ-ই।

সার্বিক পরিস্থিতি বলছে, ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতিকে ‘শত্রুতা সমাপ্ত’ হিসেবে দেখিয়ে আইনি সময়সীমা এড়ানোর চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত আইনি পরিকাঠামোতে তাদের এ অবস্থান টিকবে কি না, সেটি এখনই বলা যাচ্ছে না। কংগ্রেস যদি ট্রাম্প প্রশাসনের এ যুক্তি না মানে, তাহলে ভবিষ্যতে প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার ক্ষমতা নিয়েও সাংবিধানিক সংঘাত তৈরি হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৮ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে