ট্রাম্পকে বড় ধাক্কা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাতে নির্দেশ সিনেটের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময় পর্যন্ত রিপাবলিকানদের প্রায় সর্বাত্মক সমর্থন পেলেও এবার নিজ দলের কয়েকজন সিনেটরও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ জুন) সিনেটে ৫০-৪৮ ভোটে গৃহীত হয় ইরান যুদ্ধ থামানোর এ প্রস্তাব।

এর আগে চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) একই ধরনের প্রস্তাব অল্প ব্যবধানে পাস হয়েছিল। ফলে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষই একজন প্রেসিডেন্টকে যুদ্ধক্ষেত্র থেকে মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব অনুমোদন করল।

তবে এই পদক্ষেপ বাস্তবে যুদ্ধ থামাতে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ হোয়াইট হাউজ এরই মধ্যে জানিয়েছে, তারা এই প্রস্তাবকে সাংবিধানিকভাবে বাধ্যতামূলক বলে মনে করে না।

কী বলছে সিনেটের ভোট?

সিনেটে প্রস্তাবটি ৫০-৪৮ ভোটে অনুমোদিত হয়। ভোটাভুটিতে দলীয় বিভাজন পুরোপুরি স্পষ্ট হয়ে যায়। অধিকাংশ ডেমোক্র্যাট প্রস্তাবের পক্ষে ভোট দেন, যদিও একজন ডেমোক্র্যাট এর বিপক্ষে অবস্থান নেন। তাদের সঙ্গে রিপাবলিকান দলের চারজন সিনেটরও ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন। এ ছাড়া দুই রিপাবলিকান সিনেটর ভোটাভুটিতে অংশ নেননি।

এর আগে প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। সেখানে সব ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি চারজন রিপাবলিকান সদস্যও প্রস্তাবের পক্ষে ভোট দেন।

এই ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিজ দলেও অস্বস্তি বাড়ছে।

কেন গুরুত্বপূর্ণ এই প্রস্তাব?

যুক্তরাষ্ট্রের ওয়ার পাওয়ার্স রেজ্যুলেশন ১৯৭৩, যা সাধারণভাবে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নামে পরিচিত, প্রেসিডেন্টের সামরিক ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য প্রণয়ন করা হয়েছিল।

ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতার পর এই আইন করা হয়, যেন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘ সময় বিদেশে সামরিক অভিযান চালাতে না পারেন। বর্তমান প্রস্তাবটি সেই আইনের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই আইন প্রয়োগের ক্ষেত্রে এবারই প্রথম কংগ্রেসের দুই কক্ষ একযোগে এমন নির্দেশমূলক প্রস্তাব পাস করল। ফলে এটি যুক্তরাষ্ট্রের সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির।

তারপরও যুদ্ধ থামবে?

আইন অনুযায়ী, ওয়ার পাওয়ার্স অ্যাক্টের অধীনে গৃহীত এ ধরনের প্রস্তাব প্রেসিডেন্টের সইয়ের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয় না। তবে ট্রাম্প প্রশাসন শুরু থেকেই দাবি করে আসছে, এ ধরনের প্রস্তাব সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং প্রেসিডেন্টের সর্বাধিনায়ক হিসেবে সাংবিধানিক ক্ষমতাকে সীমিত করতে পারে না। তাই প্রশাসনের অবস্থান, এটি তাদের জন্য বাধ্যতামূলক নয়। ফলে ট্রাম্প প্রশাসন চাইলে প্রস্তাবটি উপেক্ষা করতেই পারে।

আইনি লড়াইয়ের সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ ফেলো এবং অনলাইন আইনবিষয়ক প্রকাশনা লফেয়ারের জ্যেষ্ঠ সম্পাদক স্কট অ্যান্ডারসনের মতে, বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে।

তার ভাষায়, 'নির্বাহী বিভাগ সম্ভবত সাংবিধানিক যুক্তি দেখিয়ে এটি উপেক্ষা করবে। আবার এই আইন কার্যকর করতে আদালতে মামলা করার আইনি অধিকার কার থাকবে, সেটিও স্পষ্ট নয়। তবে শেষ পর্যন্ত কেউ না কেউ বিষয়টি আদালতে নিয়ে যাবে বলেই আমি মনে করি।'

শান্তি আলোচনার মধ্যেই রাজনৈতিক চাপ

সিনেটের ভোট এমন এক সময়ে হলো, যখন ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করছে। ফলে এই ভোট যুদ্ধবিরোধী জনমত এবং কংগ্রেসের ক্রমবর্ধমান চাপের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি রাজনৈতিক বার্তাও— কংগ্রেসের একটি অংশ আর ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে নিঃশর্ত সমর্থন দিতে রাজি নয়।

বিশ্লেষকদের মতে, বাস্তবে এই প্রস্তাব যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে সক্ষম না হলেও এর রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। একদিকে এটি দেখিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রশ্নে ট্রাম্প আর আগের মতো নিরঙ্কুশ রিপাবলিকান সমর্থন পাচ্ছেন না। অন্যদিকে কংগ্রেস প্রেসিডেন্টের যুদ্ধসংক্রান্ত ক্ষমতা নিয়ে নতুন করে নিজেদের সাংবিধানিক ভূমিকা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

ফলে আইনি লড়াই শুরু হোক বা না হোক, সিনেট ও প্রতিনিধি পরিষদের এই ভোট ট্রাম্প প্রশাসনের জন্য একটি উল্লেখযোগ্য রাজনৈতিক ধাক্কা এবং যুক্তরাষ্ট্রে নির্বাহী ও আইনসভা বিভাগের ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement