বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

ডেস্ক, রাজনীতি ডটকম
অ্যান্ডি বার্নহ্যাম (বাঁয়ে) ও কিয়ের স্টারমার (ডানে)। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার নিজের পদত্যাগের সময়সূচি ঘোষণা করতে পারেন বলে জোরালো আলোচনা চলছে। এতে শরৎকালেই আনুষ্ঠানিক নেতৃত্বের লড়াই ছাড়াই অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত হতে পারে।

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

যদিও শুক্রবার পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হচ্ছিল, মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হয়ে ওয়েস্টমিনস্টারে ফেরা বার্নহ্যামের সম্ভাব্য নেতৃত্ব চ্যালেঞ্জের মুখেও স্টারমার পদে থাকার প্রতিশ্রুতিতে অটল রয়েছেন। তবে স্থানীয় নির্বাচনের পর থেকে অন্তত সাতজন মন্ত্রিসভার সদস্য ব্যক্তিগতভাবে তাকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। গত সপ্তাহের উত্তপ্ত মন্ত্রিসভার বৈঠকের পর চাপ আরও বেড়েছে।

খবরে বলা হয়েছে, সপ্তাহান্তে সরকারি অবকাশকেন্দ্র চেকার্সে অবস্থান করে স্টারমার তার বিদায়ের পরিকল্পনা চূড়ান্ত করেন। শনিবার থেকেই সম্ভাব্য পদত্যাগ বক্তৃতার খসড়াও তৈরি শুরু হয়। সবচেয়ে সম্ভাব্য পরিকল্পনা হলো— তিনি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন, যেন নতুন নেতা লেবার পার্টির বার্ষিক সম্মেলনে দলকে নেতৃত্ব দিতে পারেন।

তবে মেকারফিল্ড উপনির্বাচনের ফলের পর স্টারমার এ বিষয়ে বার্নহ্যামের সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানা গেছে।

মন্ত্রিসভার এক সদস্য বলেন, ‘স্টারমার ও বার্নহ্যাম— দুজনের জন্যই সেপ্টেম্বর সবচেয়ে যৌক্তিক সময়। বার্নহ্যামের এখনো ডাউনিং স্ট্রিটে যাওয়ার মতো পূর্ণাঙ্গ টিম প্রস্তুত নয়। এই সময়টুকু তাকে প্রস্তুতির সুযোগ দেবে, আর স্টারমারও সুশৃঙ্খলভাবে দায়িত্ব ছাড়তে পারবেন।’

এখন সবচেয়ে বড় প্রশ্ন— বার্নহ্যাম একাই প্রার্থী হবেন নাকি নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং আগেই ঘোষণা দিয়েছেন, প্রয়োজনীয় সংসদ সদস্যের সমর্থন পেলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও দলীয় অনেকের ধারণা, শেষ পর্যন্ত তিনি প্রতিযোগিতায় নামবেন না। কারণ প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হতে পারে, আর ভোট হলেও বার্নহ্যামের কাছে পরাজয়ের ঝুঁকি রয়েছে।

স্ট্রিটিং প্রতিদ্বন্দ্বিতায় নামলে মন্ত্রিসভার এক বা একাধিক নারী সদস্যও প্রার্থী হতে পারেন, যেন নেতৃত্বের লড়াই কেবল দুই পুরুষ প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ না থাকে।

স্টারমারের ঘনিষ্ঠদের একটি অংশ মনে করছেন, বিদায়ের সিদ্ধান্ত নিজ থেকেই ঘোষণা করলে তিনি দেখাতে পারবেন যে চাপের কাছে নতি স্বীকার না করে নিজের শর্তেই দায়িত্ব ছাড়ছেন। তবে সরকারি একটি সূত্রের ভাষ্য, ‘স্টারমার দেশের স্বার্থকেই অগ্রাধিকার দেবেন। আর বার্নহ্যাম এখনো পুরোপুরি প্রস্তুত নন। তাই শরৎকালই সবচেয়ে সম্ভাব্য সময়।’

এরই মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ সেক্রেটারি ড্যারেন জোনস বার্নহ্যামের ঘনিষ্ঠ সহযোগী লুইস হেইগের সঙ্গে বৈঠক করেছেন। সামনে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

রোববার সরকারের পক্ষে গণমাধ্যমে কথা বলতে গিয়ে ব্যবসামন্ত্রী পিটার কাইলও কার্যত স্বীকার করেন যে স্টারমারের নেতৃত্ব বড় চ্যালেঞ্জের মুখে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বকে ঘিরে কোনো প্রক্রিয়া বা চাপ নেই— এমন ভান করতে চাই না। বাস্তবে সেটাই ঘটছে।’

কাইল জানান, শুক্রবার তিনি স্টারমারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং কিছু পরামর্শও দিয়েছেন। তবে কী পরামর্শ দিয়েছেন, তা প্রকাশ করেননি। তার ভাষায়, স্টারমার ‘দেশের স্বার্থের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন।’

নেতৃত্ব পরিবর্তন হলে সেটি যেন দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে আহ্বান জানিয়ে কাইল বলেন, লেবার পার্টির উচিত কনজারভেটিভদের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং এমনভাবে পরিবর্তন আনা, যাতে সরকারের কার্যক্রম ও জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে ফের অভিযোগ ট্রাম্পের, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে টানাপোড়েনের শঙ্কা

ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগ এমন এক সময়ে এলো, যখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা প্রশমিত করে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের আশঙ্কা, ট্রাম্পের এ বক্তব্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ওয়াশিংটন সফর ও দুই দেশের মধ্যে গড়ে ওঠা নাজুক সমঝোতাকে নতুন

১২ ঘণ্টা আগে

উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা, ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

পুলিশ জানায়, কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি একটি শিক্ষা সফর শেষে ফিরছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণহীন বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশ

১৪ ঘণ্টা আগে

টানা ষষ্ঠ রাতে মার্কিন হামলা, পালটা আঘাতের দাবি ইরানের

গত মাসের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও প্রতিদিনের হামলা-পালটা হামলার পর্যায়ে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে শুক্রবার উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি

১৮ ঘণ্টা আগে

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে বন্ধ হবে বাব আল-মান্দেব— হুতিদের প্রস্তুত রেখেছে ইরান

হুতিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাহাজ চলাচলে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের হোদেইদাহ ও এডেন উপসাগরের দিকে নজর রাখা পার্বত্য এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে। এখন শুধু হামলা শুরুর নির্দেশের অপেক্ষায় রয়েছে তা

১ দিন আগে