যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

বিবিসি বাংলা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০: ৪৬

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীদের গুলিতে দুই জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও অন্তত নয় জন গুরুতর আহত হয়েছেন।

তবে আহতদের অবস্থা অনেকটাই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র ব্রেট স্মাইলি। তিনি অবশ্য সতর্ক করে বলেছেন যে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে এখনো ধরতে পারেনি। কালো পোশাক পরিহিত হামলাকারী একজন পুরুষ এবং তিনি ঘটনার পর পায়ে হেঁটেই পালিয়ে যান বলে পুলিশ বলছে।

ওদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুলির পর শিক্ষার্থীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে, যেখানে তাদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

"আমাদের কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার," বিশ্ববিদ্যালয়টি বলেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়টি বন্দুকধারীর বিষয়ে প্রাথমিক সতর্কতা জারির পর প্রায় পাঁচ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে আর কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, তারা শিগগিরই হামলাকারীর ছবি প্রকাশ করতে পারবেন বলে আশা করছেন।

পুলিশ জানিয়েছে, তারা একটি ভিডিও পেয়েছেন যেখানে সন্দেহভাজন হামলাকারী কালো পোশাক পড়ে আছেন এবং তার মুখ দেখা যাচ্ছে না।

দুই ঘণ্টা ডেস্কের নিচে ছিলাম

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কাজ করছিলেন এমন একজন শিক্ষার্থী জানিয়েছেন, তিনি একটি টেক্সট সতর্ক বার্তা পেয়েছিলেন যে তার কাছেই গুলি হচ্ছে।

"আরও তিনজন শিক্ষার্থী ছিলো আমার সাথে। আমরা দ্রুত লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিলাম এবং আমাদের ডেস্কের নিচে লুকালাম," স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেছেন তিনি।

তিনি বলছিলেন, "আমি আশা করি কেউ গুরুতর আহত হয়নি। মনে হচ্ছিলো আমি ল্যাবেই নিরাপদ"।

ওই শিক্ষার্থী জানান যে, তারা প্রায় দুই ঘণ্টা ডেস্কের নিচেই অবস্থান করছিলেন। এরপর আর্মড পুলিশ এসে তাদের বাইরে নিয়ে যায়।

এদিকে নিহত দুইজন ছাত্র বলে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জানানোর পর ধারণা করা হচ্ছে যে আহত অন্যরাও বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

দরজা বন্ধ রাখার নির্দেশনা

ব্রাউন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ঘটনার পর থেকেই তাদের শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষের দরজা বন্ধ রাখতে এবং ক্যাম্পাসে ঘুরাঘুরি না করার নির্দেশনা দিয়েছে।

হামলাকারীকে ধরার জন্য তল্লাশি অভিযান চালানোর জন্য পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেয়া হয়েছে।

"আমরা জানি ব্যাপক ভীতি ও উদ্বেগ তৈরি হয়েছে আমাদের এই কমিউনিটিতে," বলছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা এইচ প্যাক্সসন।

"আমরা লকডাউনের মধ্যেই আছি এবং আমাদের সব সদস্যদের নিজ নিজ জায়গায় নিরাপদ আশ্রয়ে থাকাকেই জরুরি মনে করছি," বলেছেন তিনি।

ইউনিভার্সিটি সম্পর্কে যা জানা যাচ্ছে

ব্রাউন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরনো ও মর্যাদাবান বিশ্ববিদ্যালয়। এটি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলের এলিট বিশ্ববিদ্যালয়গুলোর গ্রুপ- আইভি লীগের অংশ।

এর শিক্ষার্থী সংখ্যা ১১ হাজার। শিক্ষার্থীদের এখানে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়।

রোড আইল্যান্ডের রাজধানী শহর প্রভিডেন্সেই এর অবস্থান। এটি বোস্টন থেকে ৫০ মাইল আর নিউইয়র্ক থেক ১৮০ মাইল দূরে অবস্থিত।

এ সপ্তাহে ছুটির দিনেও শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিলো, কারণ তাদের ফাইনাল পরীক্ষা চলছিলো।

কর্মকর্তারা বলছেন, গুলির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের বারুস অ্যান্ড হলি ইঞ্জিনিয়ারিং ভবনে। এটি ক্যাম্পাসের পূর্বাঞ্চলীয় প্রান্তে।

সাত তলা এই ভবনটিতে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিদ্যা বিভাগ রয়েছে, যার অংশ হিসেবে এখানে প্রায় ১০০ গবেষণাগার, কয়েক ডজন ক্লাসরুম ও তিনটি লেকচার হল আছে।

সন্ত্রাসী হামলা কি?

এই গোলাগুলির ঘটনার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক আছে কী-না এমন প্রশ্নের জবাবে স্থানীয় পুলিশ প্রধান বলেছেন তারা এখনো এ বিষয়ে জানেন না।

তিনি জানান যে, হামলাকারীদের বাইরের কেউ সহায়তা করেছে কী-না তদন্তকারীরা তা এখনো জানতে পারেনি।

তবে, তিনি জানিয়েছেন যে, ভবনের প্রথম তলার একটি শ্রেণী কক্ষেই গুলির ঘটনা ঘটেছে। হামলায় ব্যবহৃত অস্ত্রটি পুলিশ এখনো পায়নি।

সন্দেহভাজন হামলাকারীকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে সেটিও এখনো জানা যায়নি।

ওদিকে, রোড আইল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে।

"হাসপাতালটি লকডাউন অবস্থায় আছে এবং এখন শুধু জরুরি বিভাগের রোগীদের নেওয়া হচ্ছে," বিবৃতিতে বলা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৬ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৮ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৮ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

১০ ঘণ্টা আগে