এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনার দায়িত্বে আসিফ, ভোট করবেন না

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ। ছবি: ভিডিও থেকে

জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন, তাকে দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলামোটরে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আসিফ মাহমুদসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি তার মুখ থেকে ঘোষণা হয়েছিল। অভ্যুত্থানের আগেও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় ছাত্রদের পক্ষে কথা বলেছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়েও তিনি অন্তর্বর্তী সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালায়ের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে ও সফলতার সঙ্গে পালন করেছেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভেতর থেকে চেষ্টা করেছেন।

নাহিদ বলেন, উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা আশা করব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আমাদের পথচলা সামনের দিনগুলোতেও পুরনো দিনগুলোর মতো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, অনলাইনে অনুষ্ঠিত এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আসিফ মাহমুদকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন নির্বাচনি কর্মযজ্ঞের মধ্যে সংগঠনকে ধরে রাখার জন্য আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছিল এনসিপি। নাহিদ ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন করবেন। ফলে তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পাশাপাশি আসিফ মাহমুদের নেতৃত্বে নতুন করে এ কমিটি পুনর্গঠন করা হবে। যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন না, তারা এ কমিটিতে জায়গা পাবেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দেওয়ার অনুভূতি জানিয়ে বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। জুলাই অভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথচলায় অগ্রসর হচ্ছি। এই রূপান্তরের সময় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আসিফ বলেন, আমাদের সহযোদ্ধা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহিদ হয়েছেন। আমরা মনে করি, এই সময়ে জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষ, শহিদ ও আহতদের পরিবারের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ-কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে জায়গা থেকে আজ আমি এনসিপিতে যোগদান করছি।

জুলাই অভ্যুত্থানের সময় রাজপথের পরিচিতমুখ ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করলে তাতে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে নিয়োগ পান আসিফ মাহমুদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে এলে আসিফ মাহমুদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে কোনো দলে যোগ দিয়ে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন, সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এনসিপিতে যোগ দিলেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথযাথভাবে পালন করতে পারি, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে