‘বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯৯টি আসনের মধ্যে এককভাবে ২০০টিরও বেশি আসনে জয়লাভ করেছে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সচিব।

ইসি সচিব জানান, সারাদেশে ২৯৯টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। প্রাথমিক গণনা শেষে তারা নিশ্চিত হয়েছেন যে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতোমধ্যেই ২০০টিরও বেশি আসনে জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় এবং জুলাই অভ্যুত্থানের পর গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিএনপি জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী ৬৯টি আসনে জয় পেয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা আরও ৬টি আসনে বিজয়ী হয়েছেন। বর্তমানে বাকি থাকা আসনগুলোর ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছে, তবে এরই মধ্যে ম্যাজিক ফিগার অতিক্রম করায় বিএনপির সরকার গঠন এখন সময়ের ব্যাপার মাত্র।

এই বিশাল বিজয়ের মাধ্যমে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সময় পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি, আর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্বয়ং তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের ঐতিহাসিক ও ভূমিধস বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আরও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মোট ৫১টি দল অংশ নিচ্ছে। এসব দলীয় ও স্বতন্ত্রসহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার ২৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তাদের অধীনেই দীর্ঘ ১৮ মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল সকালে গুলশানে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে বলেন, ‘আজকের দিনটি নতুন বাংলাদেশের জন্মদিন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর বাংলাদেশ গড়বে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হেরে গেছেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।

৪ ঘণ্টা আগে

বিশাল জয় পেলেন সালাহউদ্দিন আহমদ

১৭৭টি কেন্দ্রের সবকটির ফলাফলে দেখা যায়, আবদুল্লাহ আল ফারুখকে বিশাল ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ধানের শীষ প্রতীক নিয়ে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট।

৪ ঘণ্টা আগে

মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজ বিজয়ী

প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের চেয়ে ২ হাজার ৩২০ ভোট বেশি পেয়েছেন তিনি।

৪ ঘণ্টা আগে

জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।

৪ ঘণ্টা আগে