পল্টন-গুলিস্তানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান ডিএসসিসির

রাজধানীর পল্টন থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চলমান দখলমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শুরু হয়। পরে হকারমুক্ত মূল সড়কের পরিস্থিতি দেখতে সেখানে যান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
এ দিন ডিএসসিসি প্রশাসক প্রায় এক ঘণ্টারও বেশি সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি পল্টন মোড় থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাতের দখলমুক্তকরণ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।
পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক সাফ জানিয়ে দেন, ‘পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হকারদের সঙ্গে সিটি করপোরেশনের আলোচনার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তারা নিজেরাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা নগরবাসীকে ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে দিতে চাই।’
তবে নির্দিষ্ট একটি জায়গায় নিয়ম মেনে নিবন্ধিত হকারদের বসার সুযোগ থাকবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, রমনা ভবন সংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত স্থানে নিয়মানুযায়ী নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন।
নির্ধারিত স্থান ও নিয়মের বাইরে হকার বসিয়ে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটালে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আবদুস সালাম বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনামা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
অভিযানের সময় ডিএসসিসি প্রশাসক ছাড়াও সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















-d04065-256x144.webp)
-06cf8c-256x144.webp)