নড়াইলের কালিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় গুলি ও হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজন শর্টগানের গুলিতে আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার (৫০), রাসেল শেখ (৩০), মতিউর রহমান (৪৫), মুক্তি শেখ (৪০) ও হাসান শেখ (২৫)।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম রাব্বী বলেন, সংঘর্ষে আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ। প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

-06cf8c-480x270.webp)















