কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

কিশোরগঞ্জ প্রতিনিধি
দু’পক্ষের সংঘর্ষ
দু’পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া এবং সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফের লোকজনের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তিতে শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সালিশের আয়োজন করেন। কিন্তু সালিশ শুরু হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু'পক্ষের লোকজন দা, বল্লমসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইমামনগর গ্রামের সামনের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, "দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্যই আমি গ্রামে গিয়েছিলাম। কিন্তু সালিশদারদের সামনেই তারা কথা-কাটাকাটিতে লিপ্ত হয় এবং মাঠে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গ্রামবাসীর প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।"

অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি; তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement