চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ৩ সহযোগী

চট্টগ্রামে অস্ত্রসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মুনিরিয়া যুব তবলিগ মাদরাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. জাফর (৩৮) ও সাফায়েত হোসেন সিফাত (১৯)। তাদের কাছ থেকে একটি দেশি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, তারা পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান উদ্দিনের সহযোগী এবং তার হয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করতেন। রায়হানের অনুসারী হিসেবে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, গ্রেপ্তার শাহাদাত ও জাফর ‘সন্ত্রাসী’ রায়হানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়, অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু উত্তোলনের টাকা সংগ্রহ করতেন। আর সিফাত ‘কিশোর গ্যাং’ পরিচালনা করেন।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, গভীর রাতে তিনজন মুনিরিয়া যুব তবলিগ মাদরাসার নির্মাণাধীন ভবনের সামনে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাউজান থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।














-0cf3d9-256x144.webp)



