ভোলায় ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

ভোলার সদর উপজেলায় ছাত্রলীগ নেতা মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে তার বসতঘরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভোলা সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মসজিদে নববীসংলগ্ন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বশিরউদ্দিনের ছেলে।
নিহতের বাবা বশিরউদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে আরিফ নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে দেখি বাসার গেটের সামনে রক্তাক্ত অবস্থায় ওর মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকারের নেতৃত্বে থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

















-93b7bc-256x144.webp)