পাচার হওয়া অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১: ৪৭
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যের বরাতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১০টি দেশ চিহ্নিত করে তাদের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

সরকারপ্রধান জানান, অর্থ পাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে প্রাথমিকভাবে যে ১০টি দেশ চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত চুক্তি সইয়ের বিষয়ে সম্মতি দিয়েছে। বাকি সাতটি দেশের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার দুর্নীতি, মানিলন্ডারিং ও আর্থিক অপরাধ দমনে বৃহত্তর কৌশলের গুরত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাচার হওয়া অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ ও পারস্পরিক আইনি সহায়তা জোরদার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি, এমএলএটি) ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) বিনিময় প্রক্রিয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

তারেক রহমান লিখিত বক্তব্যে আরও বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত কেইসগুলোর অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে ১১টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে।

এই তদন্ত দল গঠনের পর অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলোর অগ্রগতিও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। অগ্রগতিগুলো হলো—

  • আদালতের মাধ্যমে দেশে ২৫ মার্চ পর্যন্ত সময়ে মোট ৫৭ হাজার ১৬৮ কোটি ৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
  • আদালতের নির্দেশে বিদেশে মোট ১৩ হাজার ২৭৮ কোটি ১৩ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
  • সব মিলিয়ে দেশে-বিদেশে মোট প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি ২২ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আদালতের মাধ্যমে ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।
  • পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে এরই মধ্যে ১৪১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৫টি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং ছয়টি মামলার রায় দেওয়া হয়েছে।
  • সার্বিকভাবে বর্তমান সরকার দুর্নীতি, মানিলন্ডারিং ও আর্থিক অপরাধ দমনে বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
  • বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের অধীনে স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন গঠন করা হয়েছে।

আওয়ামী আমলে সংঘটিত অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ ও এতে চিহ্নিত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের নির্বাচনি ইশতেহারে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি: তথ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

১০ ঘণ্টা আগে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।

১১ ঘণ্টা আগে

৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

১১ ঘণ্টা আগে

গৃহকর্মী হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী

রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

১১ ঘণ্টা আগে