সুপ্রিম কোর্ট ও আশপাশে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।
এ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার কথা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ রায় ঘিরে আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীও দিনটি ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। বিভিন্ন স্থান ও স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশনাও দিয়েছে। সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞাও তারই অংশ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।


















-9c3647-256x144.webp)