খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার

খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চবিদ্যালয়ের মাঠ হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভুক্তভোগী সুশান্ত খুলনা শহরের ৪ নম্বর ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত। তার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, অপহরণের পর থেকে পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। এতে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা সুশান্ত কুমারকে ওই বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়। পরে তেরখাদা থানার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, অপহরণের পর ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। পরিবার থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু অর্থ দেওয়া হয়। পুলিশ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার ওই মোবাইল ব্যাংকিং এজেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

এর আগে, গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে খুলনা নগরের ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদারকে ‘পুলিশ’ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি তাকে জোর করে একটি ট্রলারে তুলে নেন। এ সময় একজন ঘটনার ভিডিও ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রলারে একজনকে জোর করে তুলছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে এক ব্যক্তির গোঙানির শব্দ ও চিৎকার শোনা যায়। এরপর দ্রুতগতিতে ট্রলারটি সেখান থেকে চলে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement