বিমানবন্দরে মারধর-বিশৃঙ্খলা— জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মেজর (অব:) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
মেজর (অব:) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। মামলায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটে আসা যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়ায় বিমানবন্দরে অসন্তোষ দেখা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে মারধরের হুমকি দেন। পরে সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গেও তিনি অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে মামলাটির তদন্ত চলছে।

এর আগে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকট নিয়ে আখতারুজ্জামানের সঙ্গে নির্বাহী পরিচালকের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement