হেলমেট ছুঁড়ে ফেলে আখতারুজ্জামান বললেন— ‘অবৈধ অর্ডার মানি না’
-adbf69-480x270.webp)
রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় প্রিজন ভ্যান থেকে মাথায় থাকা হেলমেট ছুঁড়ে ফেলেছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘‘কেন আমি হেলমেট পরব… সরকারের অবৈধ অর্ডার মানি না।’’
শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মামলায় শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতে নেওয়ার আগে সিএমএম আদালতের ইনচার্জ এসআই মোরশেদ আলম তাকে হাতকড়া ও হেলমেট পরাতে গেলে আখতারুজ্জামান বলেন, “হাত ধরবেন না, ডোন্ট টাচ মি।” পরে তাকে হাতকড়া ও হেলমেট পরানো হয়। প্রিজন ভ্যানের গেটে এসে মাথা থেকে হেলমেট খুলে ছুঁড়ে ফেলে তিনি বলেন, “কেন আমি হেলমেট পরব।” সাংবাদিকদের সামনে পরে বলেন, “হেলমেট ছুঁড়ে ফেলে দিয়েছি। সরকারের অবৈধ অর্ডার মানি না।” এ সময় তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন এবং বিজয়সূচক চিহ্ন দেখান।
আদালতে যাওয়ার আগে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আখতারুজ্জামান। তিনি বলেন, “আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। জুলুম-নির্যাতন করে আমাদের থামানো যাবে না।” তিনি আরও বলেন, জামায়াত জনগণের জন্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় রিমান্ড শুনানির জন্য আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আখতারুজ্জামানের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালতের অনুমতি নিয়ে আখতারুজ্জামানও বক্তব্য দেন।
বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে রাগীব সামাদকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”
এরপর বিমানবন্দর থানায় মামলা হলে শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। শনিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।


















