ডিজিটাল বাস্তবতায় তথ্য আইনে বড় পরিবর্তনের উদ্যোগ সরকারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সময়োপযোগীকরণ এবং নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত সভায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন  সমকাল প্রতিবেদক ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন সময়োপযোগীকরণ এবং নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত সভায় মন্ত্রী জহির উদ্দিন স্বপন সমকাল প্রতিবেদক ছবি: সংগৃহীত

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার এবং নতুন নতুন অনলাইন প্ল্যাটফর্মের উত্থানের কারণে তথ্য ও সম্প্রচার খাতের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী করতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজনে নতুন আইনও করা হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনা করে সুপারিশ তৈরির নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (৫ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন আধুনিকায়ন ও নতুন আইন প্রণয়ন-সংক্রান্ত এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সামাজিক আচরণে বড় পরিবর্তন এসেছে। এতে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে নানা ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। এসব বাস্তবতা বিবেচনায় কার্যকর আইনি কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

তিনি জানান, মন্ত্রণালয়ের অধীন বিদ্যমান আইন, বিধি, প্রবিধান ও নীতিমালা পর্যালোচনার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কোন আইন সংশোধন প্রয়োজন, কোথায় নতুন আইন দরকার এবং কোন ক্ষেত্রে আইনি ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সুপারিশ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, একসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম মূলত প্রিন্ট ও সম্প্রচারমাধ্যমকে ঘিরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তিনির্ভর সেবার বিস্তারে অনেক নতুন মাধ্যম তৈরি হয়েছে, যেগুলোর অনেকই বিদ্যমান আইনের আওতার বাইরে রয়ে গেছে। তাই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনি কাঠামোও আধুনিক করা প্রয়োজন।

এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত আইন ও নীতিমালা পর্যালোচনার দায়িত্বও সংশ্লিষ্ট কমিটিকে দেওয়া হয়েছে। এসব অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সাইবার জগৎ ও ডিজিটাল ট্রান্সমিশনকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে হলে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং টেলিযোগাযোগ খাতের অংশীজনদের মতামত নেওয়া প্রয়োজন। প্রয়োজনে কমিটির বাইরের বিশেষজ্ঞদেরও যুক্ত করার নির্দেশ দেন তিনি।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব শাহ আলম, মন্ত্রণালয়ের আইনজীবী প্যানেলের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement