দুর্গাপূজায় ৫ দিন ছুটি, আগের শনিবার অফিস খোলা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটি চূড়ান্ত করেছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত, আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং এরপরের সাপ্তাহিক শুক্র-শনি মিলিয়ে থাকবে এই পাঁচ দিনের ছুটি। তবে এর আগের শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকবে অফিস।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যেও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে এটি পালন করা হবে।
এ বছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে। ১৬ অক্টোবর পালন করা হবে মহাষষ্ঠী। ২০ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আয়োজন।
দুর্গাপূজায় সাধারণত বিজয়া দশমীর দিনে সরকারি ছুটি থাকত। অন্তর্বর্তী সরকারের আমলে সে ছুটি বাড়িয়ে দুদিন করা হয়। এবার বিজয়া দশমী ও তার পরের দিন ২০ ও ২১ অক্টোবরের সঙ্গে ২২ অক্টোবরও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
এ সিদ্ধান্ত অনুযায়ী, পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন। এর জন্য অবশ্য তাদের আগের শনিবার (১৭ অক্টোবর) অফিস করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।

-f3907b.jpg)









-463252-256x144.webp)






-9c3647-256x144.webp)