শ্রীলংকা-আফগান ম্যাচে যে সমীকরণের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আফগানিস্তান ম্যাচে উইকেট শিকারের পর উল্লাস। সে ম্যাচ জিতলেও এখন সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলংকা-আফগান ম্যাচের দিকে। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরের দৌড়ে টিকে থাকা নিশ্চিত হয়েছে টাইগারদের। তবে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে এই গ্রুপের শেষ ম্যাচ তথা শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে।

সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপে এখনো দুই ম্যাচে দুই জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলংকা। তিন ম্যাচ শেষ করা বাংলাদেশের পয়েন্টও দুই জয়ে ৪। তবে রানরেট ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ দ্বিতীয় স্থানে। অন্যদিকে আফগানিস্তান দুটি ম্যাচ খেলে একটি জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। তিন ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে বিদায় নিয়েছে হংকং।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার ফোরে। ‘এ’ গ্রুপ থেকে ভারতের সুপার ফোর এরই মধ্যে নিশ্চিত হয়েছে। পরের ম্যাচে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের বিজয়ী সুপার ফোর নিশ্চিত করবে। তবে ‘বি’ গ্রুপে সুপার ফোরের হিসাব এখনো উন্মুক্ত। বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান— তিন দলের সামনেই রয়েছে সুপার ফোরের হাতছানি, যা শেষ পর্যন্ত গড়াতে পারে রানরেটের হিসাবে।

যে সমীকরণের মুখে বাংলাদেশ

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। সে ম্যাচে শ্রীলংকা জিতলে কোনো হিসাব-নিকাশের প্রয়োজন হবে না। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখবে শ্রীলংকা, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে বাংলাদেশের। দুটি দলই উঠে যাবে সুপার ফোরে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বাদ পড়বে আফগানিস্তান।

আফগানিস্তান জিতলে সুপার ফোরের লড়াইটা কেমন হবে, তার জন্য হিসাবে আনতে হবে রানরেটকে। এখন পর্যন্ত বাংলাদেশের রানরেট -০.২৭০। অন্যদিকে শ্রীলংকার রানরেট +১.৫৪৬। পয়েন্টে পিছিয়ে থাকলেও রানরেটে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান— ২.১৫০।

রানরেটের এই হিসাব বলছে, শ্রীলংকার সঙ্গে ম্যাচে আফগানিস্তান জিতলে তিন দলের পয়েন্টই হবে সমান ৪। তখন সবচেয়ে ভালো রানরেট নিয়ে গ্রুপের শীর্ষে উঠবে আফগানরা, নিশ্চিত করবে সুপার ফোর। রানরেটের হিসাবটা কষতে হবে বাংলাদেশ আর শ্রীলংকাকে।

আফগানিস্তান জিতলে বাংলাদেশকে সুপার ফোরে উঠতে হলে শ্রীলংকার সঙ্গে রানরেটের ব্যবধান ঘুচতে হবে বাংলাদেশের। হিসাব বলছে, আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে শ্রীলংকাকে অন্তত ৬৫ রানের ব্যবধানে হারাতে পারে, তাহলে শ্রীলংকার রানরেট কমে বাংলাদেশের নিচে চলে আসবে। তখন সুপার ফোরে আফগানিস্তানের সঙ্গী হবে বাংলাদেশ।

অন্যদিকে আফগানিস্তান যদি পরে ব্যাট করে, তাহলে তাদের শ্রীলংকাকে হারাতে হবে অন্তত ৫০ বল হাতে রেখে। তাহলেও শ্রীলংকার রানরেট বাংলাদেশের নিচে নেমে আসবে। তখনো আফগানিস্তান আর বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে।

অন্যদিকে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জিতলেও ব্যবধান ৬৫ রানের কম হয় কিংবা পরে ব্যাট করে যদি ৫০ বল হাতে রেখে আফগানিস্তান জিততে না পারে, তখন শ্রীলংকার রানরেট বাংলাদেশের চেয়ে বেশিই থাকবে। সেক্ষেত্রে আফগানিস্তান আর শ্রীলংকাই উঠে যাবে সুপার ফোরে।

সেক্ষেত্রে হংকং কিংবা আফগানিস্তানকে আরও বড় ব্যবধানে হারাতে না পারার আফসোস নিয়েই এশিয়া কাপের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।

বৃহস্পতিবারের ম্যাচে কি তাহলে শ্রীলংকাকেই সমর্থন করছে বাংলাদেশ? এমন প্রশ্ন অবশ্য আফগানিস্তানের সঙ্গে ম্যাচের পর প্রেজেন্টেশন সিরিমনিতে করা হয়েছিল লিটন দাসকে। এক মুখ হাসি নিয়ে তিনি জবাব দিয়েছেন, ‘এখনো জানি না। দেখা যাক!’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পাকিস্তানকে উড়িয়ে জয় বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

লো স্কোরিং ম্যাচে ৫৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

১২ দিন আগে

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, ‘এ+’ ক্যাটাগরিতে কেউ নেই

এবার প্রথমবার কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। কেন্দ্রীয় চুক্তির আওতায় ক্রিকেটারের সংখ্যা ২১ জন থেকে ২৮ জনে উন্নীত করায় চুক্তিতে ফিরেছেন নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।

১৩ দিন আগে

মেসি-বুসকেতসের নতুন বিশ্বরেকর্ড

এই পরিসংখ্যানে শুধুমাত্র শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ম্যাচ গণনা করা হয়েছে, যেখানে দুজনই মাঠে নেমেছিলেন।

১৪ দিন আগে

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ: আইসিসি

এবারের মতো আগামী এই বিশ্বকাপেও খেলবে ২০টি দল। এর মধ্যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অবস্থান আগেই নিশ্চিত। চলমান বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়ায় অবস্থান নিশ্চিত করেছে ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

১৪ দিন আগে