পাকিস্তানকে ২৩২ রানে থামিয়ে ৪৬ রানের লিড বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে পুরো দাপট দেখিয়েছে বাংলাদেশ। বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে পাকিস্তানকে মাত্র ২৩২ রানে গুটিয়ে দিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে স্বাগতিকরা। দিনের দুই সেশনেই সমান চারটি করে উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখে টাইগার বোলাররা।

লিটন কুমার দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৭৮ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে পাকিস্তান। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের আঘাতে প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শান মাসুদের দল।

দিনের শুরুতেই আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তাসকিন। লিটনের অসাধারণ ক্যাচে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইজকেও ফেরান ডানহাতি এই পেসার। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

মিরাজের স্পিনেও ভুগেছে সফরকারীরা। অধিনায়ক শান মাসুদ এবং সৌদ শাকিলকে ফিরিয়ে মধ্যাহ্ন বিরতির আগেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।

তবে একপ্রান্তে প্রতিরোধ গড়ে তুলেছিলেন বাবর আজম। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ৬৩ বলে ফিফটি পূরণ করেন সাবেক এই অধিনায়ক। ১০ চার মেরে ৬৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু নাহিদ রানার গতির সামনে শেষ পর্যন্ত টিকতে পারেননি। মিড-অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর।

বাবরের বিদায়ের পর দ্রুতই ভেঙে পড়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার। সালমান আলী আগা (২১), মোহাম্মদ রিজওয়ান (১৩) ও হাসান আলীকে (১৮) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে দেন তাইজুল ইসলাম।

চা বিরতির পর বাকি দুই উইকেটও দ্রুত তুলে নেয় বাংলাদেশ। খুররম শাহজাদকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার পান নাহিদ রানা। পরে সাজিদ খানকে থার্ড ম্যানে মিরাজের ক্যাচ বানিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন এই গতি তারকা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে, বাংলাদেশের প্রথম ইনিংসে একাই প্রতিরোধ গড়েছিলেন লিটন কুমার দাস। টপ অর্ডারের ব্যর্থতার মধ্যে ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ১৬ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন লিটন। পাকিস্তানের বিপক্ষে এটি তার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

তাইজুল ইসলামের সঙ্গে ৬০ এবং শরিফুল ইসলামের সঙ্গে ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন লিটন। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ নেন ৪ উইকেট, মোহাম্মদ আব্বাস ৩টি এবং হাসান আলী ২টি উইকেট শিকার করেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১১ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে