হরমুজে স্বেচ্ছা ফি আদায়ের প্রস্তাবে উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৮: ২৩
হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপসংলগ্ন জলসীমায় নোঙর করা একটি জাহাজ। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে স্বেচ্ছাভিত্তিক সেবা ফি আদায়ের ইরানের প্রস্তাবে সমর্থন দিয়েছে উপসাগরীয় দেশগুলো। ওমানের উত্থাপিত এই প্রস্তাবের আওতায় প্রণালিটি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে তেহরান স্বেচ্ছাভিত্তিক ফি আদায় করতে পারবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল বাণিজ্যে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠার পথ তৈরি হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহের শেষদিকে হঠাৎ করেই দুই সপ্তাহ ধরে চলা হামলা বন্ধের ঘোষণা দেন, যা তার সাম্প্রতিক কৌশলগত অবস্থান পরিবর্তনের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছেন, ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে। তবে আলোচনায় অগ্রগতি না হলে ফের হামলা শুরুর হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর চেষ্টা করছে, এমন দাবি অস্বীকার করেছে।

চলতি মাসের শুরুতে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ভাঙার লক্ষ্যে নতুন করে হামলা শুরু করে ওয়াশিংটন। গত ফেব্রুয়ারির শেষ দিকে এই যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর নিজেদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতার পর প্রণালিটি আংশিকভাবে খুলে দেওয়া হয়। তবে জুলাইয়ের শুরুতে ইরান হরমুজে একটি জাহাজে গুলি চালানোর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের পালটাপালটি হামলা শুরু হলে সেই সমঝোতা ভেঙে পড়ে।

ইরান আগে থেকেই বলে আসছে, হরমুজ প্রণালি তারা ওমানের সঙ্গে যৌথভাবে পরিচালনা করতে চায়। ওমান প্রণালিটির বিপরীত তীর নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে সেবা ফি নেওয়ার প্রস্তাবও দিয়েছে তেহরান।

অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান হলো, যুদ্ধের আগের পরিস্থিতি ফিরিয়ে আনা উচিত, যখন কোনো ধরনের অর্থ পরিশোধ ছাড়াই জাহাজগুলো অবাধে চলাচল করতে পারত। যুক্তরাষ্ট্রের মতে, বাধ্যতামূলকভাবে ফি আদায় আন্তর্জাতিক আইনের পরিপন্থি হবে।

রয়টার্সকে দেওয়া সূত্রের তথ্য অনুযায়ী, ওমানের প্রস্তাব অনুযায়ী ইরান এককভাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে না এবং জাহাজ থেকে নেওয়া ফিও হবে সম্পূর্ণ স্বেচ্ছাভিত্তিক।

এই ব্যবস্থা অনেকটা এশিয়ার মালাক্কা প্রণালিতে চালু থাকা ব্যবস্থার মতো। সেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর নৌযান চলাচল, পরিবেশ সংরক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ব্যয় নির্বাহের জন্য জাহাজগুলোর কাছে স্বেচ্ছা অনুদান চেয়ে থাকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনায় তিনি আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সামরিক কমান্ডারদের পরামর্শে সর্বশেষ বিমান হামলা বন্ধের সিদ্ধান্ত নেন ট্রাম্প। তারা তাকে জানিয়েছিলেন, এই কৌশল তার লক্ষ্য পূরণ করেছে।

টানা ১৩ রাতের মার্কিন বোমা হামলায় ইরানে বহু মানুষ নিহত হন। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন সেতু ও সুড়ঙ্গ ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে একাধিক সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

জবাবে ইরান প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এতে চারজন মার্কিন সেনা নিহত হন। পাশাপাশি উপসাগরীয় কয়েকটি দেশের বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।

ইরান বলেছে, ওয়াশিংটন হামলা বন্ধ রাখলে তারাও হামলা চালাবে না। তবে সোমবার জর্ডান, সৌদি আরব এবং উত্তর ইরানে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবারও একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে জর্ডান।

সোমবার ট্রাম্প বলেন, পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে তিনি আশাবাদী। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও মার্কিন হামলা শুরু হবে বলেও সতর্ক করেন তিনি।

ট্রাম্প বলেন, “আমার মনে হয়, কিছু একটা হওয়ার ভালো সম্ভাবনা আছে। যদি হয়, তাহলে ভালো। আর যদি না হয়, তাহলে আমরা দুই দিন আগে যা করছিলাম, সেটাই আবার শুরু করব।”

তবে ইরান বলছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনা চায়নি। তেহরানের অভিযোগ, যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসে যে আলোচনার কাঠামো নিয়ে সমঝোতা হয়েছিল, ওয়াশিংটন সেটিই লঙ্ঘন করেছে।

মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।

যদিও যুদ্ধের শুরুতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলায় অংশ নিয়েছিল, পরবর্তী শান্তি আলোচনায় তারা যুক্ত হয়নি। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করতে লেবাননে নতুন হামলা চালানোর পরিকল্পনা থেকে নেতানিয়াহুকে বিরত রাখার চেষ্টা করতে হয়েছে ট্রাম্পকে। এতে তেহরানের সঙ্গে শান্তি আলোচনা আরও জটিল হয়ে পড়েছে।

গত সপ্তাহের শেষদিকে মার্কিন হামলা বন্ধ হওয়ার ঘোষণার পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে যায়। মঙ্গলবারও সেই পতন অব্যাহত ছিল। মঙ্গলবার বেলা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ৮৬ ডলারে নেমে আসে।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি আলোচনার কাঠামোতে সম্মত হয়েছিল। আগস্টের শেষ নাগাদ ইরানের পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানে ওই আলোচনা হওয়ার কথা ছিল।

তবে হরমুজ প্রণালি-সংক্রান্ত সমঝোতা স্মারকের ভাষা নিয়ে দুই দেশের মধ্যে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। ওয়াশিংটনের দাবি, ওই সমঝোতা অনুযায়ী ইরানকে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অন্যদিকে তেহরানের দাবি, ওই নথি তাদের প্রণালি দিয়ে চলাচল তদারকির ক্ষমতা দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বন্দুক হামলা, নিহত ১

মেক্সিকো সিটির নিরাপত্তা বিষয়ক সচিবালয় ঘটনাটিকে একটি ‘সরাসরি লক্ষ্যভিত্তিক হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গুলিতে ৪২ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আহত অপর দুই ব্যক্তির বয়সই ৩৯ বছর। হামলা চালিয়ে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যান।

১০ ঘণ্টা আগে

উত্তর ইরাকের কুর্দি গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

গ্যাসক্ষেত্রে হামলার প্রায় একই সময়ে সুলাইমানিয়া থেকে ২০০ কিলোমিটার দূরে কুর্দিস্তানের রাজধানী এরবিলেও পরপর বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের তীব্রতা স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী,

১০ ঘণ্টা আগে

ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ নিয়ে অমীমাংসিত ৬ প্রশ্ন

বর্তমানে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হচ্ছে, যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রে যে সীমিত সমর্থন ছিল, সেটিও টালমাটাল হয়ে পড়ছে। প্রায় টানা দুই সপ্তাহ রাতভর হামলার পর আপাতত মার্কিন সামরিক অভিযান স্থগিত রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময়ই সংঘাত আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে আসছে।

১৯ ঘণ্টা আগে

পশ্চিম তীরে হামলা: ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা মুসলমানদের বিরুদ্ধে চরমপন্থী ও উসকানিমূলক কর্মকাণ্ডের শামিল, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

১ দিন আগে