গাজার ৭০% দখলের নির্দেশ নেতানিয়াহুর, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার শঙ্কা

গাজার ৭০% দখলের নির্দেশ নেতানিয়াহুর, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার শঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা দখলে নেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই ঘোষণাকে চলমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতে গাজায় আরও ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখে একটি নির্ধারিত সীমারেখায় অবস্থান নেয়। তবে এরপর থেকেই ধীরে ধীরে তারা পশ্চিমমুখী অগ্রসর হয়ে হামাস-নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে নিয়ন্ত্রণ বিস্তার করে আসছে। একই সঙ্গে সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলকে ‘নো ম্যানস ল্যান্ড’ ঘোষণা করে সেখানে যেকোনো ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অধিকার দাবি করছে ইসরায়েল।

সম্প্রতি ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও ওই সীমান্তবর্তী এলাকা খালি করতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একটি পশ্চিম তীরের বসতিতে আয়োজিত সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘আমরা এখন হামাসকে চেপে ধরছি। বর্তমানে গাজার ৬০ শতাংশ এলাকা আমাদের নিয়ন্ত্রণে। আগে ছিল ৫০ শতাংশ। এখন আমি নির্দেশ দিয়েছি, সেটিকে ৭০ শতাংশে নিতে হবে।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গাজা ছাড়তে বাধ্য করা। তিনি একে ‘স্বেচ্ছামূলক স্থানান্তর’ বলে উল্লেখ করেন, তবে মানবাধিকার কর্মীরা একে দীর্ঘমেয়াদি জাতিগত নির্মূল পরিকল্পনার অংশ হিসেবে অভিহিত করে থাকেন।

বিশ্লেষকদের মতে, গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে গেলে ২২ লাখ ফিলিস্তিনিকে উপত্যকার এক-তৃতীয়াংশেরও কম এলাকায় গাদাগাদি করে বসবাস করতে হবে। যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চল আগে থেকেই চরম জনঘনত্ব ও মানবিক সংকটে ভুগছে।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের ভিজিটিং ফেলো মোহাম্মদ শেহাদা বলেন, ‘নেতানিয়াহু কার্যত পুরো ট্রাম্প পরিকল্পনাকেই বাতিল ঘোষণা করছেন। এর অন্য কোনো ব্যাখ্যা নেই।’

চলমান যুদ্ধবিরতির আট মাসেও সীমান্তবর্তী এলাকাগুলোতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো এবং গাজার ভেতরে বিমান হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। বরং বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ৯০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের এক অভ্যন্তরীণ ব্রিফিংয়ে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া ও দক্ষিণের খান ইউনিস অঞ্চলেও ইসরায়েলি ট্যাংক অগ্রসর হচ্ছে। একই সঙ্গে ইসরায়েল-সমর্থিত মিলিশিয়াগুলো সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দিতে চাপ তৈরি করছে।

দেইর আল-বালাহ এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী ওয়ায়েল নায়েফ আবু আল-আজিন জানান, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘তারা এসে জানায়, রাত ১০টার মধ্যে এলাকা খালি করতে হবে। যা বহন করা যায়, তা নিয়ে চলে যেতে বলে।’

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের গবেষক নাসের খদোউর বলেন, এসব মিলিশিয়া শুধু হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না, বরং সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও আরও পশ্চিমে ঠেলে দিচ্ছে। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও গ্রেপ্তারের অভিযোগও রয়েছে।

অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা শান্তি বোর্ডের প্রধান প্রতিনিধি নিকোলাই ম্ল্যাডেনভ সম্প্রতি দেওয়া প্রতিবেদনে যুদ্ধবিরতি ভাঙনের জন্য মূলত হামাসকে দায়ী করেন। তবে সমালোচকরা বলছেন, সেখানে ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে।

ইসরায়েলি বিশ্লেষক গেরশন বাসকিন মনে করেন, মূল যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যত ভেঙে পড়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র এখন বিকল্প পরিকল্পনার দিকে এগোচ্ছে, যেখানে ইসরায়েল-নিয়ন্ত্রিত অঞ্চলে পুনর্গঠন করা হবে এবং হামাস-সংযোগ নেই— এমন ফিলিস্তিনিদেরই সেখানে যেতে দেওয়া হবে।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত তথাকথিত “ইয়েলো জোনে” শুধু হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে রেখে দিতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইসরায়েল তাদের বিরুদ্ধে যা ইচ্ছা করতে পারবে— এমন পরিকল্পনাই সামনে এগোচ্ছে বলে মনে হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement