আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৫: ৫২
গত অক্টোবরে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি বাহিনীর মধ্যে সংঘর্ষের পর আলেপ্পো শহরের আশরাফিয়েহ ও শেখ মাকসুদ এলাকার বাসিন্দারা এলাকা ছেড়ে যাচ্ছেন। ছবি: এপি

সিরিয়ার আলেপ্পোতে সেনাবাহিনী ও কুর্দি বাহিনীর মধ্যে এক প্রাণঘাতি সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা এসেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গত কয়েকদিনে এ এলাকায় সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে কয়েক হাজার বেসামরিক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) আলেপ্পোতে যুদ্ধবিরতির এই ঘোষণা এসেছে। এর আগে এখানে সরকারি বাহিনী ও কুর্দিদের মধ্যে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। সিরিয়ায় আসাদ আল বাশার সরকার পতনের পর এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আবাসিক এলাকায় নতুন করে সামরিক উত্তেজনা এড়াতে আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়েহ ও বানি জেইদ এলাকায় ভোর ৩টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হলো।’

কুর্দি যোদ্ধাদের শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার মধ্যে ওই এলাকা ছাড়ার সময় দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, লক্ষ্য হলো, সংঘর্ষে বাস্তুচ্যুত বেসামরিক মানুষদের নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশে নিজ নিজ ঘরে ফিরে স্বাভাবিক জীবন শুরু করার সুযোগ দেওয়া।

গত মঙ্গলবার থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোয় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে লড়ছে সরকারি বাহিনী। এ সংঘর্ষের সূত্রপাত নিয়ে দুপক্ষই একে অন্যকে পালটাপালটি দোষারোপ করেছে।

কুর্দিদের প্রশাসন ও সামরিক কাঠামো নতুন সরকারের সঙ্গে একীভূত করার চুক্তি বাস্তবায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে দিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এসডিএফ সিরিয়ার তেলসমৃদ্ধ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। ২০১৯ সালে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ভূখণ্ডগত পরাজয়ে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

যুদ্ধবিরতি নিয়ে আলেপ্পোর গভর্নর আজ্জাম আলঘারিব সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেন, তিনি আশরাফিয়েহ এলাকায় নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি পরিদর্শন করেছেন। তবে সরকারি ঘোষণার বিষয়ে কুর্দি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত কুর্দি অধ্যুষিত আশরাফিয়েহ ও শেখ মাকসুদ এলাকায় তীব্র লড়াই চলেছে। 0অভিযান শুরুর আগে ওই এলাকার বাসিন্দাদের মানবিক করিডোর দিয়ে সরে যেতে নির্দেশ দেয় সিরীয় সেনাবাহিনী।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, প্রায় ১৬ হাজার মানুষ এলাকা ছেড়েছেন। তাদের একজন ৪৩ বছর বয়সী রানা ইসা বৃহস্পতিবার সকালে পরিবার নিয়ে আশরাফিয়েহ ছাড়েন। তিনি বলেন, ‘আমরা খুব কঠিন সময় পার করেছি। আমার সন্তানরা ভীষণ আতঙ্কিত ছিল। অনেকে চলে যেতে চান। কিন্তু স্নাইপারের ভয়ে সাহস পাচ্ছেন না।’

এসডিএফ প্রধান মাজলুম আবদি বলেন, কুর্দি এলাকাগুলোতে হামলা ‘সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষুণ্ন করছে।’ মার্চে একীভূতকরণ চুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি কয়েক দিন আগে দামেস্ক সফর করেছিলেন।

চুক্তিটি গত বছরই বাস্তবায়নের কথা ছিল। তবে বিকেন্দ্রীকৃত শাসনব্যবস্থার দাবিসহ নানা মতভেদের কারণে অগ্রগতি থমকে আছে। এপ্রিল মাসে কুর্দি যোদ্ধারা এলাকা ছাড়তে সম্মত হলেও শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এখনো এসডিএফ-সংযুক্ত কুর্দি ইউনিটগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ার সঙ্গে ৯০০ কিলোমিটার সীমান্ত ভাগ করা তুরস্ক সীমান্ত এলাকা থেকে কুর্দি বাহিনীকে হটাতে ধারাবাহিক অভিযান চালিয়েছে।

সেঞ্চুরি ইন্টারন্যাশনাল গবেষণা কেন্দ্রের ফেলো অ্যারন লুন্ড এএফপিকে বলেন, ‘আলেপ্পোই এসডিএফের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। উভয় পক্ষই একে অন্যের ওপর চাপ তৈরি এবং আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের চেষ্টা করছে।’

সংঘর্ষ ছড়িয়ে পড়লে সিরিয়ার উত্তরাঞ্চল জুড়ে দামেস্ক ও এসডিএফের পূর্ণাঙ্গ সংঘাতে তুরস্ক ও ইসরাইলও জড়িয়ে যেতে পারে, যা সিরিয়ার স্থিতিশীলতার জন্য ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন অ্যারন লুন্ড।

২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ উৎখাতের পর থেকে সিরিয়ায় প্রভাব বিস্তার নিয়ে ইসরাইল ও তুরস্ক প্রতিযোগিতায় রয়েছে। কুর্দি নিয়ন্ত্রিত উত্তরপূর্বাঞ্চলের কামিশলিতে আলেপ্পোর সহিংসতার বিরুদ্ধে কয়েক শত মানুষ বিক্ষোভ করে।

৬১ বছর বয়সী বিক্ষোভকারী সালাহউদ্দিন শেখমুস বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চাই।’ অনেকে ‘যুদ্ধ নয়’ ও ‘জাতিগত নির্মূল নয়’ স্লোগান লেখা ব্যানার বহন করেন। তুরস্কের কুর্দি অধ্যুষিত দিয়ারবাকিরেও কয়েক শত মানুষ বিক্ষোভে অংশ নেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৭ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে