ঢাকার যানজট নিরসনে অটোরিকশা নীতিমালাসহ ৭ নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০০: ১২
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: পিএমও

ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো এবং সড়কে যানবাহনের চাপ কমাতে অটোরিকশার জন্য পৃথক নীতিমালা প্রণয়নসহ সাতটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে নেওয়া এবং সচিবালয় এলাকায় পার্কিং ব্যবস্থা উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যানজট নিরসনবিষয়ক সভায় এসব নির্দেশনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু এবং টোল আদায়কে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যানজট নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, বৈঠকে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা কীভাবে আধুনিকায়ন করা যায় এবং রাজধানীর পরিবহন খাতে কীভাবে শৃঙ্খলা আনা যায়, তা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে।

যাত্রাবাড়ী ফ্লাইওভারের যানজট

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুয়েটকে ওই প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এ কার্যক্রম সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তর হলে রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তজেলা যানবাহনের চাপ কমার পাশাপাশি যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ দীর্ঘমেয়াদি প্রকল্প হওয়ায় আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ

যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কিচেন মার্কেট যাবে গাবতলীতে

কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে গাবতলীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কিচেন মার্কেটটি স্থানান্তর হলে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় যানজট কমবে।

সচিবালয়ে পার্কিং ব্যবস্থা উন্নয়ন

সচিবালয়ের চারপাশের যানজট নিরসনে পার্কিং ব্যবস্থা উন্নয়নের বিষয়েও সভায় আলোচনা হয়েছে। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের জায়গা খুঁজে দেখতে বলা হয়েছে।

সচিবালয়কেন্দ্রিক যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং আশপাশের সড়কে চলাচল স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হবে।

অটোরিকশার জন্য পৃথক নীতিমালা

রাজধানীর সড়কে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানীতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২০ ঘণ্টা আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

২১ ঘণ্টা আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

১ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

১ দিন আগে
Advertisement