লক্ষ্মীপুরেও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৪৪ কিশোর আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ২৪৪ জনকে। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ২৪৪ জনকে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে ২৪৪ কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের নির্দেশে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার এই অভিযান পরিচালনা করে থানা পুলিশসহ গোয়েন্দা পুলিশ।

রোববার প্রায় একই সময়ে চাঁদপুরেও আট উপজেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জনকে আটক করা হয়। মুচলেকা নিয়ে তাদের মধ্যে ৩৫৫ জনকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই চলছে।

একই সময়ে অভিযান চলেছে কুমিল্লাতেও। সেখানে আটক করা হয়েছে ৪১৫ জনকে। এর আগে এ জেলায় গত বুধবার ও শনিবার রাতে অভিযান চালিয়ে আরও ৮৭৮ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ২৮১ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় জানিয়েছে, অভিযানে লক্ষ্মীপুর সদর থেকে ৪২ জনকে, চন্দ্রগঞ্জ থেকে ২১ জনকে, রায়পুর থেকে ৪৪ জনকে, রামগঞ্জ থেকে ৩৭ জনকে, রামগতি থেকে ৪৪ জনকে ও কমলনগর থেকে ৫৬ জনকে আটক করা হয়।

পুলিশ বলছে, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাংবিরোধী এই অভিযান চালানো হয়েছে।

পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিশোরদের আটকের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে— জেলার এমন স্থানে অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ রোধ করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদ পারভেজ বলেন, আটক কিশোরদের কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। যেসব এলাকায় বখাটেদের উৎপাত রয়েছে, সেখানে অভিযান চালানো হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement